জলবায়ুর অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১২: ৩০
সোমবার কপ৩১ সম্মেলনের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত উচ্চপর্যায়ের নীতিসংলাপে উদ্বোধনী বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
সোমবার কপ৩১ সম্মেলনের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত উচ্চপর্যায়ের নীতিসংলাপে উদ্বোধনী বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়ছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক উচ্চপর্যায়ের নীতিসংলাপে উদ্বোধনী বক্তব্য দেন প্রতিমন্ত্রী। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

‘লিভিং ওয়াটারস, শেয়ার্ড রাইটস: ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রু ন্যাচারাল রাইটস-লেড গভর্ন্যান্স’ শীর্ষক সংলাপে শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণের দেশ এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এসব দেশ আন্তর্জাতিক ফোরামে সম্মিলিতভাবে নিজেদের দাবি ও অগ্রাধিকার তুলে ধরতে পারলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সুপেয় পানির প্রাপ্যতা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত বিশেষ করে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষের জীবন ও জীবিকাকে ক্রমাগত বিপন্ন করছে। এ অবস্থায় নিরাপদ পানি ও খাদ্যনিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথাযথ গুরুত্ব পাওয়া প্রয়োজন। ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষায় সমন্বিত উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত এ সংলাপে প্রাকৃতিক অধিকারভিত্তিক পানি ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদীর সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। সুইজারল্যান্ড দূতাবাস ও ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় সংলাপটি অনুষ্ঠিত হয়।

সংলাপে বক্তারা বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ রাজনৈতিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। তাই আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য, বাস্তুতন্ত্রের সুরক্ষা এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অধিকারকে গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে বৈজ্ঞানিক তথ্য, প্রাকৃতিক অধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে কার্যকর নীতি প্রণয়নের ওপর জোর দেন তাঁরা।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান। তিনি বৈশ্বিক পানি সংকট, নদীর স্বাভাবিক প্রবাহের পরিবর্তন এবং জলবায়ু অর্থায়নে বিদ্যমান বৈষম্যের চিত্র তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এ প্রেক্ষাপটে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় কার্যকর সহযোগিতা ও সমন্বিত নীতিগত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণার তথ্য তুলে ধরে মূল প্রবন্ধে বলা হয়, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ পানি সরবরাহ খাতে জলবায়ু অর্থায়নে প্রতি এক মার্কিন ডলার অনুদানের বিপরীতে ৭ দশমিক ৭৮ ডলার ঋণ পেয়েছে। এ অবস্থায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানানো হয়।

বাংলাদেশের সংসদ সদস্য ও এনজিপিপির কোর সদস্য মনসুরা আক্তার বলেন, সাধারণ মানুষের কাছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মূলত নিরাপদ পানির সংকট, কৃষিকাজে পানির অভাব ও বন্যার ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে প্রকাশ পায়। মানুষের পানির অধিকার নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি নীতিগত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের পানি ব্যবস্থাপনা অধিদপ্তরের পানীয় পানি বিভাগের প্রধান ড. মুস্তাফা বার্ক দুয়গু অভিন্ন নদী অববাহিকাভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা ও কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের অভিযোজন ও সহনশীলতা বিভাগের প্রধান চিতেম্বো কাওয়িম্বে চুঙ্গা স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থায়নের কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দেন।

ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নেপাল প্রতিনিধি ড. মনোহরা খাড়কা জলবায়ু অর্থায়নে ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি গবেষণালব্ধ তথ্য নীতিনির্ধারণ ও বিনিয়োগ পরিকল্পনায় কাজে লাগানোর আহ্বান জানান। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক সেজাল প্যাটেল নদী, জলাভূমি ও ভূগর্ভস্থ পানিসম্পদ রক্ষায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অনুদানভিত্তিক অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ ছাড়া বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা স্থানীয় সরকার ও জনগোষ্ঠীর যৌথ অংশগ্রহণে টেকসই পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরেন। সংলাপে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশ ও চিলির আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

এদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। ইস্তানবুলে যাত্রাবিরতি করে বিকেল সাড়ে ৪টায় আনতালিয়ায় পৌঁছানোর কথা রয়েছে তার।

১০ থেকে ১২ নভেম্বরের এই সরকারি সফরে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠেয় সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন তিনি।

সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad