সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে কোটা আরও পাঁচ হাজার বৃদ্ধি পাওয়ায় আগামী বছর পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন মোট ৮৩ হাজার ৫০০ জন বাংলাদেশি হজযাত্রী।
সৌদি আরবের জেদ্দায় সোমবার (৯ নভেম্বর) ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এই চুক্তি সই করেন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছিলেন। বর্তমান চুক্তির আওতায় কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতির বিষয় নিয়ে সৌদি মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন ধর্মমন্ত্রী।
আলোচনায় সৌদির মিনায় তাবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসলেও, সৌদি মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে অন্য কোনো দেশ কোটা পুরোপুরি ব্যবহার করতে না পারলে বা কোটা বাতিল হলে, সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন প্রমুখ।












-3dc012-256x144.webp)