আ.লীগ সরকারের আমলে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার করবে সরকার: আইনমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের আমলে করা রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে ধর্ষণ মামলা এ সিদ্ধান্তের বাইরে থাকবে। তিনি বলেছেন, রাজনৈতিক প্রকৃতির মামলা নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই-বাছাইয়ের পর প্রত্যাহার করা হবে। এ ক্ষেত্রে কোনো শর্ত বা ব্যতিক্রমের সুযোগ নেই।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশনে আইনমন্ত্রী বলেন, কোনো মামলা দায়েরের সময় সেটির গায়ে রাজনৈতিক মামলা লেখা থাকে না। এ কারণে যেসব রাজনৈতিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁদের নির্ধারিত ফরমে মামলা প্রত্যাহারের আবেদন করতে বলা হয়েছে। আবেদন জমা দেওয়া হলে যথাযথ প্রক্রিয়ায় তা বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। জয়নুল আবদিন ফারুকের উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় এমপি সাহেবেরও যদি মামলা থাকে, আমি উনাকে অনুরোধ করব— অতি দ্রুত আপনি দরখাস্ত করতে পারেন, আমরা সে মামলা প্রত্যাহার করে নেব।’
আইনমন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো কোনো মামলা প্রত্যাহারের আবেদন করেননি। আদালতের মাধ্যমে তাঁদের মামলাগুলো নিষ্পত্তি হয়েছে, কোনো অনুকম্পা না নিয়ে। এর আগে সম্পূরক প্রশ্নে জয়নুল আবদিন ফারুক জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ৮৬টি মামলা করা হয়েছিল। সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ থাকাকালে এক দিনেই দেশের ৬৪টি জেলায় তার বিরুদ্ধে ৬৪টি মামলা করা হয়। এসব মামলা এখনো প্রত্যাহার হয়নি বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি মামলা প্রত্যাহারের বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপনের দাবি জানান।
এর আগে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রতিনিধি মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এ কার্যক্রম শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তা আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, তা যাচাই করে।
জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা ও সমন্বিতভাবে মামলা প্রত্যাহারের কার্যক্রম পরিচালনার জন্য আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে। আসাদুজ্জামান জানান, এ পর্যন্ত রাজনৈতিক কারণে করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আবেদন ও জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কেরামত আলী তাঁর প্রশ্নে জানতে চেয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের আমলে করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখনো কেন নিষ্পত্তি হয়নি এবং কবে নাগাদ সেগুলোর নিষ্পত্তি হবে।














