আ.লীগও নাৎসিদের মতো আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: টিভি থেকে
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: টিভি থেকে

জুলাই অভ্যুত্থানের সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ভূমিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর ভূমিকার সঙ্গে তুলনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যা চালানো হিটলারের নাৎসি বাহিনী যেমন জার্মানিতে ফিরতে পারেনি, তেমনি জুলাই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগও বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি পতিত ফ্যাসিবাদী শক্তিকে রুখতে এবং তাদের যেকোনো কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা নস্যাৎ করতে জাতীয় ঐক্যের আহ্বান জানান।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে সীমান্তের ওপার থেকে বিভিন্ন কর্মসূচি দেওয়া হতে পারে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, কখনো বিক্ষোভ, কখনো হরতাল, আবার কখনো ভিন্ন নামে কর্মসূচি দেওয়া হতে পারে। উদ্দেশ্য একটাই— অস্থিরতা তৈরি করা। সম্মিলিতভাবে ও ঐক্যবদ্ধভাবে তা রুখে দিতে জাতীয় ঐক্য প্রয়োজন।

‘ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য এখনো প্রয়োজন। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে রুখতে, সমূলে উৎপাটন করতে এবং তাদের যেকোনো কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা ও ষড়যন্ত্র নস্যাৎ করতে জাতীয় ঐক্য দরকার,’— বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারি দল ও বিরোধী দলের পাশাপাশি সংসদের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোও ঐক্যবদ্ধ থাকবে বলে আশাবাদ জানান সালাহউদ্দিন আহমদ। বলেন, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যও অব্যাহত থাকুক। এ দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদী শক্তি বা পতিত স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

জুলাই অভ্যুত্থানের পরপর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর আমির ও বর্তমান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছিলেন, রাজনৈতিকভাবে যারা তার ওপর জুলুম-নির্যাতন চালিয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা করবেন না। তার এ বক্তব্যকে আওয়ামী লীগের প্রতি নমনীয় অবস্থান নেওয়া হিসেবে ইঙ্গিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিরোধীদলীয় নেতার উদ্দেশে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন ও জুলুম চালানো হয়েছে, সে বিষয়ে অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই তিনি যেভাবে একতরফাভাবে তাদের ক্ষমা করে দিয়েছেন, তা যৌক্তিক ও গ্রহণযোগ্য নয়।

শফিকুর রহমান সম্প্রতি আরও বলেছেন, দেশের সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে। এ বিষয়ে নিজে একমত পোষণ করেন জানিয়েও জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের বিষয়ে ইঙ্গিত করেন সালাহউদ্দিন আহমদ। বলেন, ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভিনদেশি বিভিন্ন সংস্থার গোপন বৈঠকের যে উসকানির তথ্য রয়েছে, তা জনগণ জানতে পেরেছে।

বিবৃতিতে তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবরের সঙ্গে এ বছরের একই সময়ের অপরাধের তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই ৯ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন সূচকে উন্নতি হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হচ্ছে, তা আরও এগিয়ে নিতে বিরোধী দলসহ সব রাজনৈতিক দল ও নাগরিককে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad