সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: টিভি থেকে
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: টিভি থেকে

দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য ‘পতিত ফ্যাসিবাদী শক্তি’র পক্ষ থেকে ‘ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না বলেও প্রত্যয় জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে হোক, সীমান্তের বাইরে হোক কিংবা সম্মিলিতভাবে— কোনো ষড়যন্ত্র বা নীলনকশা এখানে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মুখে। কেউ যদি তাকে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করে, জাতি তা দেখবে। আমরা সেই ষড়যন্ত্র উন্মোচন করব।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে কি না, সেখানে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং দেশের ভেতরে কারা তাদের সহযোগিতা করছেন, এসব প্রশ্ন সরকারকে করা হচ্ছে।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও অরাজকতা তৈরির জন্য দেশের বাইরে থেকে নীলনকশা করা হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পেছনে দেশের ভেতরেও বিনিয়োগ করা হয়েছে বলে সরকার মনে করে জানিয়ে তিনি বলেন, সরকার সফলভাবে সেই প্রচেষ্টা নস্যাৎ করেছে।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা অতিরিক্ত বল প্রয়োগ করেনি। বরং তারা নিজেরাই আহত হয়েছেন। তাদের এমনভাবে উসকানি দেওয়া হয়েছে, যেন তারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে বসে এবং সেটিকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীলতা তৈরির সুযোগ তৈরি হয়। আমরা সচেতনভাবে সেই সুযোগ দিইনি।

শিল্পাঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের কিছু এলাকায় শিল্পকারখানা রয়েছে। এসব এলাকায় শিল্প পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। উৎপাদন ও রপ্তানি যেন ব্যাহত না হয় এবং শ্রমিকেরা যেন বেকার হয়ে না পড়েন, সে জন্য সরকার কাজ করছে।

শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, তারা সবাই সহযোগিতা করছেন। তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের দোসর শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। কয়েকজন শিল্প মালিকের সহযোগিতাও তারা পেয়েছেন বলে সরকার লক্ষ্য করেছে। তবে সেই চেষ্টা সফল হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এই মহান জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে শিল্প মালিক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করতে চাই— এই দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে দেওয়া হবে না। অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে তা দমন করবে। দেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে, ইনশাআল্লাহ।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি হয়েছে, তা তুলনামূলক পরিসংখ্যানের ভিত্তিতে বিবেচনার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অপরাধের সংখ্যা তুলনা করতে হলে আগের বছরের একই সময়ের তথ্যও সামনে আনতে হবে। তার দাবি, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবনতি ও উন্নতি আপেক্ষিক বিষয়। আগের বছরের তুলনায় অবনতি হয়েছে কি না, তা বলতে হলে আগের বছরের পরিসংখ্যানও সামনে আনতে হবে। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় (হত্যাকাণ্ডের) এবার প্রায় ৩০০টি কম হয়েছে। সেটি উন্নতি না অবনতি, তা বিবেচনা করতে হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত বুধবার সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই বক্তব্য দেবেন, যেন যে কেউ তথ্যের সত্যতা যাচাই করতে পারেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad