ছাত্রশক্তি নেতার ওপর হামলা: মামলায় আসামি সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৫ জন

মৌলভীবাজার প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন। থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় বেআইনিভাবে দলবদ্ধ হয়ে পথরোধ, হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ ও গুরুতর জখম এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলার প্রধান আসামি ২৬ বছর বয়সী হাবিবুর রহমান হাবিব। তিনি শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের রাধানগর গ্রামের আব্দুল খালেকের ছেলে। মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালের কমিটিতে তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, “প্রীতম দাশের লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকে প্রধান আসামি হাবিবুর রহমান পলাতক রয়েছেন।”

এজাহারে বলা হয়েছে, সোমবার রাত ১টার দিকে হাসিব আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে অটোরিকশায় করে রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় হাবিবুর রহমান হাবিবসহ আরও কয়েকজন তাদের অটোরিকশার গতিরোধ করেন। তাদের হাতে চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র ছিল।

একপর্যায়ে হাসিব ও তার স্ত্রীর ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে তাদের হত্যার হুমকি দেন। পরে হাবিবুর রহমানের হাতে থাকা চাপাতি দিয়ে হাসিবের মাথা লক্ষ্য করে কোপ দেওয়া হয়। হাসিব বাম হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করলে তার কবজির নিচে কেটে গুরুতর জখম হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, এ সময় অন্য হামলাকারীরা লাঠি ও রড দিয়ে হাসিবের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তার ও তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

পরে স্থানীয়রা হাসিবকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

মামলার বাদী প্রীতম দাশ বলেন, “হাসিব চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। তার সঙ্গে আলোচনা করে মঙ্গলবার রাতে মামলা করা হয়েছে।”

তিনি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। পাশাপাশি ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে হামলায় কারা জড়িত ছিলেন, তা শনাক্তের চেষ্টা চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad