সাভারে বন্ধ থাকা ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: শিল্পমন্ত্রী

বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি এখন পর্যন্ত উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো চালু করতে সরকার কারিগরি ও আর্থিক সহায়তা দেবে। তবে পরিবেশগত বিধিবিধান না মানলে কোনো ট্যানারিকে উৎপাদন কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হবে না।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬’ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, “হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা চামড়া শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করেছে। এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে। সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত হওয়ার পরও যেসব ট্যানারি উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো সচল করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে।”
বক্তব্যে চামড়া শিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান বজায় রাখা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিল্পমন্ত্রী জানান, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ নিতে হবে। পরিবেশগত মান ও বিধিবিধান মানার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানো এবং উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিল্পনগরীর বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে।
দেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা রয়েছে উল্লেখ করে খন্দকার মুক্তাদির বলেন, গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে বাংলাদেশ প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। একই সঙ্গে প্রতিবেশী ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হয়ে উঠেছে। এসব বাজারের সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের গুণগত মান, পরিবেশগত মানদণ্ড অনুসরণ এবং আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে খন্দকার মুক্তাদির বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে দুই দেশের সহযোগিতা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস বক্তব্য দেন।


-cb4383.jpg)













-239554-256x144.webp)