নেত্রকোনায় শিশু ধর্ষণ: জন্ম নেওয়া কন্যাসন্তানের যাবতীয় ব্যয় বহন করবে রাষ্ট্র

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নেত্রকোনায় শিশু ধর্ষণ: জন্ম নেওয়া কন্যাসন্তানের যাবতীয় ব্যয় বহন করবে রাষ্ট্র

নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলায় জন্ম নেওয়া কন্যাসন্তানের পরিচয় ও ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন আদালত। রায়ে বলা হয়েছে, শিশুটি রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে তার পিতা ও মাতা উভয়ের পরিচয়ে পরিচিত হবে। একই সঙ্গে শিশুটির বিবাহ না হওয়া পর্যন্ত ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার যাবতীয় ব্যয় রাষ্ট্র বহন করবে।

বুধবার নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুস সালাম এ নির্দেশনা দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারার সংবিধিবদ্ধ বিধান অনুযায়ী আদালত জানায়, নবজাতক কন্যাসন্তানটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে থাকবে। অর্থাৎ শিশুটির বেড়ে ওঠা ও অভিভাবকত্বের দায়িত্ব থাকবে মায়ের পরিবারের কাছে।

আদালতের নির্দেশনায় আরও বলা হয়েছে, শিশুটির বিয়ে না হওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণপোষণ, পড়াশোনা ও চিকিৎসার সম্পূর্ণ খরচ সরকার বহন করবে। এই ব্যয়ভার রাষ্ট্রের ওপর বর্তালেও এর চূড়ান্ত দায় এড়াতে পারবেন না দণ্ডিত আসামি। সরকার পরবর্তী সময়ে ওই অর্থ তাঁর সম্পত্তি থেকে আদায় করতে পারবে।

রায়ে অর্থ আদায়ের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্ব আদায়ের মতো করে শিশুটির পেছনে ব্যয় করা অর্থ আদায় বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ফলে শিশুটির জন্ম থেকে বিবাহ পর্যন্ত প্রয়োজনীয় ব্যয়ের দায়িত্ব রাষ্ট্র পালন করলেও শেষ পর্যন্ত সেই অর্থ আসামির সম্পত্তি থেকেই আদায়ের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, আমান উল্লাহ মাহমুদীর প্রতিষ্ঠিত একটি মহিলা কওমি মাদ্রাসায় শিশুটি ধর্ষণের শিকার হয়। চলতি বছরের ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করানোর পর চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। এর পাঁচ দিন পর, ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন। শুরু থেকেই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছিলেন তিনি।

গত ২ জুলাই শিশুটি একটি সরকারি সেফ হোমে কন্যাসন্তানের জন্ম দেয়। পরে নবজাতক ও আসামির ডিএনএ প্রোফাইল মিলে যাওয়ার তথ্য জানায় মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। আদালতের আদেশেও বলা হয়েছে, আসামি, ভিকটিম ও নবজাতকের রক্তের ডিএনএ পরীক্ষার ফলাফল দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করেছে, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির জৈবিক বাবা আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’। রায়েও তাঁকে কন্যাশিশুটির জৈবিক পিতা হিসেবে ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুর ১২টা ৯ মিনিটে লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত আসামিকে আদালতের কাঠগড়ায় আনা হয়। বিচারক এজলাসে প্রবেশ করেন ১২টা ৩০ মিনিটে। দিনের অন্য মামলার বিচারকার্য শেষে দুপুর ১২টা ৪৬ মিনিটে আলোচিত মামলার রায় পড়া শুরু করেন বিচারক আব্দুস সালাম। টানা ১৮ মিনিট পর দুপুর ১টা ৪ মিনিটে রায় পড়া শেষ হয়। আদালতে আনার পর থেকে আমান উল্লাহ মাথা নিচু করে বিমর্ষ অবস্থায় ছিলেন। মৃত্যুদণ্ডের রায় শোনার পরও তাঁকে নির্বিকার দেখা যায়। রায়ের সময় আসামিপক্ষের আইনজীবী কিংবা তাঁর কোনো স্বজন আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন না।

মৃত্যুদণ্ডের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আদালত পর্যবেক্ষণে বলেছে, একজন ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমাম হিসেবে আসামি তার পবিত্র দায়িত্ব ও কর্তৃত্বের চরম অপব্যবহার করেছেন। ১১ বছরের অসহায় ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করে গর্ভবতী করার মতো অপরাধে সহানুভূতি দেখানোর সুযোগ নেই। অপরাধের বীভৎসতা বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড অপর্যাপ্ত হওয়ায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারা অনুযায়ী নবজাতক কন্যাসন্তানটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে থাকবে। রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে সে পিতা ও মাতা উভয়ের পরিচয়ে পরিচিত হবে। তার বিবাহ না হওয়া পর্যন্ত ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় রাষ্ট্র বহন করবে। পরে সরকার ওই অর্থ দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্বের মতো আদায় বা বাজেয়াপ্ত করবে। আদালত আরও বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক কর্তৃক যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনা নিয়মিত প্রকাশিত হচ্ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে বিশেষ আইন, বিধিমালা বা নীতিমালা না থাকলেও ২০০৯ সালে Bangladesh National Women Lawyers Association (BNWLA) মামলায় হাইকোর্ট বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ এবং অভিযোগ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছিলেন। শিশুদের সুরক্ষা ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এসব নির্দেশনা কার্যকর করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে আদালত।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad