সারের ডিলার নিয়োগে ‘স্বজনপ্রীতি’র অভিযোগ হাসনাতের, সংসদে হট্টগোল

সারের ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও স্বজনদের অগ্রাধিকার দেওয়া এবং অর্থের বিনিময়ে নিয়োগের সুপারিশ করার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার এই বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল হয়।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসব অভিযোগ তোলেন। এ সময় বিরোধী দলের কয়েকজন সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ জানান। সরকারি দলের সদস্যরাও পাল্টা হইচই শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল কয়েক দফা সদস্যদের শান্ত হয়ে বসার আহ্বান জানান।
অধিবেশনের শুরুতে গাইবান্ধা-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিমের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ সরকারের বিভিন্ন কৃষি কর্মসূচির তথ্য তুলে ধরেন। পরে সম্পূরক প্রশ্নের সুযোগ নিয়ে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সামনে আনেন হাসনাত।
এ সময় কয়েকটি সংবাদমাধ্যমের শিরোনাম পড়ে শোনান তিনি। হাসনাত বলেন, “সারের ডিলার হয়েছেন সংসদ সদস্যের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী।” তার দাবি, ঠাকুরগাঁওয়ে নিয়োগ পাওয়া ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের ১০ জন বিএনপি নেতাদের স্ত্রী, সন্তান বা অন্য স্বজন বলে অভিযোগ করেন তিনি।
নাটোরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় এক সংসদ সদস্যের সন্তানের বিরুদ্ধে অভিযোগ থাকার প্রসঙ্গ তুলে হাসনাত বলেন, ওই সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করার অভিযোগ করেন তিনি।
হাসনাত আরও বলেন, “কোনো কোনো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ১৫টি ইউনিয়নের দায়িত্ব পেয়েও ৩০টি ইউনিয়নে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন।”
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার দায়িত্ব দেওয়ার সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসনাতের দাবি, ২০০৯ সালে বিএনপি বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের নির্বাচনী এলাকার দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিল। অথচ বর্তমান সরকার একই ব্যবস্থা চালু রেখেছে।
এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ডিলার হিসেবে ব্যবসা করা ব্যক্তিদের আবার নিয়োগের সুযোগ দিতে মন্ত্রণালয় পরিকল্পিতভাবে কোনো শর্ত রেখেছে কি না, তা জানতে চান তিনি। পুরো নিয়োগপ্রক্রিয়া নতুন করে পর্যালোচনার দাবিও জানান এই সংসদ সদস্য।
হাসনাত বলেন, “আমাদের দেশের এই কালচার কবে যাবে যে, আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগ্না ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে সেটা সুনির্দিষ্টভাবে মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাই।”
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, “উনি (হাসনাত) সারের ডিলার নিয়োগকে উৎসব হিসেবে উল্লেখ করেছেন। সরকারও চায় ডিলার নিয়োগ উৎসবের মত হোক। উৎসবকে আমি ভাল অর্থে বুঝি। উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন তাহলে ভিন্ন।”
মন্ত্রীর এই বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। একপর্যায়ে কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। অন্য সদস্যরা নিজেদের মধ্যে কথা বললে তার পক্ষে জবাব দেওয়া কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, “আমার জবাব যদি অপছন্দ হয় আরেকটা প্রশ্ন করব। আরেকটা জবাব দিমু। অসুবিধা নাই।”
এরপর ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করেন কৃষিমন্ত্রী। তিনি জানান, এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি রয়েছে। নির্ধারিত শর্তে আবেদন আহ্বানের পর স্থানীয় পর্যায়ে সেগুলো যাচাই-বাছাই করা হয়। এ কাজে সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি অংশ নেয়।
উপজেলা পর্যায়ের যাচাই শেষে আবেদনগুলো জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে পাঠানো হয়। জেলা পর্যায়ের এই কমিটিতে সংশ্লিষ্ট সংসদ সদস্যের উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ রয়েছে বলেও জানান মন্ত্রী।
এ সময় আবারও হট্টগোল শুরু হলে ডেপুটি স্পিকার সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ জানান। বিরোধী দলের চিফ হুইপের দৃষ্টিও আকর্ষণ করেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, তার বক্তব্য শেষ হলে বিরোধী দলের সদস্যদের সন্দেহ দূর হবে।















