পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৫ বছরে ৩০৮ বেসামরিক নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি: টিভি থেকে
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি: টিভি থেকে

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একই সময়ে এসব গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত ও ৫৫ জন আহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মানিকগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রীর পক্ষে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রশ্নে জিন্নাহ কবীর বলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবৈধ অস্ত্রধারীরা সেনাবাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। পাশাপাশি চাঁদাবাজি ও অবৈধ দখলের ঘটনাও ঘটছে। প্রতিবেশী দেশের উসকানিতে পার্বত্য চট্টগ্রামের তিন জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

গত পাঁচ বছরে এসব জেলায় কতটি সশস্ত্র হামলা হয়েছে এবং কতজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হয়েছেন, তা জানতে চান এই সংসদ সদস্য। একই সঙ্গে অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের দমনে বিশেষ বাহিনী গঠন বা সমন্বিত অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে তিন জেলায় বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১টি হামলার ঘটনা ঘটেছে। এ সময়ে ২৯৭টি অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়ের ৪৭১টি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ৩৭৭টি ঘটনা ঘটেছে। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ঘটনা ঘটেছে ৯৭টি।

পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও এসআরবির নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

তিনি বলেন, অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে অস্ত্র আইন ও দণ্ডবিধিতে মামলা করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কেএনএফ, ইউপিডিএফ ও জেএসএসসহ বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত বিশেষ যৌথ অভিযান চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় তাদের গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র ধ্বংসে অভিযান চালানো হচ্ছে। প্রয়োজনে বিমানবাহিনীর হেলিকপ্টারের সহায়তাও নেওয়া হচ্ছে।

পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধে চাঁদা আদায়ের উৎস ও অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করে নজরদারি চালানো হচ্ছে বলে জানান তিনি। চাঁদাবাজি ঠেকাতে চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও অন্যান্য আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সীমান্ত চৌকিগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে জড়িত সমতলের উৎস ও চক্র শনাক্তে পুলিশ ও এসআরবি কাজ করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ আধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, সামরিক পোশাক ও ড্রোনের সংকেতসংক্রান্ত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে গ্রেপ্তার ও উদ্ধার হওয়া অস্ত্রের সুনির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি।

সম্পূরক প্রশ্নে এস এ জিন্নাহ কবীর দেশের সাম্প্রতিক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও অবৈধ অস্ত্র প্রদর্শনের ঘটনার সঙ্গে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠীগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা জানতে চান। এমন যোগসূত্র পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারের বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিষয়ে নিয়মিত কাজ করছে। স্পিকারের অনুমতি পেলে সংসদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিবৃতি দেবেন। সেখানে সংসদ সদস্যের প্রশ্নের অনেকাংশের উত্তর পাওয়া যাবে।

‘সাজেকের পরিস্থিতি স্থিতিশীল’

আরেক সম্পূরক প্রশ্নে পটুয়াখালী-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রতিবেশী রাষ্ট্রের উসকানি ও মদদে এসব গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকার তথ্য তুলে ধরে শফিকুল ইসলাম বলেন, কিছু এলাকায় তাদের কাছে এমন অস্ত্র রয়েছে, যা সেখানে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছেও নেই বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এ অবস্থায় নিরাপত্তা বাহিনীর সক্ষমতা ও সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান তিনি।

সাজেকসহ পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান এই সংসদ সদস্য। তার ভাষ্য, পর্যটন খাত ধ্বংস এবং পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি পর্যটন মৌসুমের আগে সাজেক উপত্যকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধ দেখা দেয়। তবে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সমন্বয়ে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা হয়েছে। তিনি বলেন, “সাজেকের পরিস্থিতি এখন স্থিতিশীল।”

‘আইনশৃঙ্খলার অবনতি কখন বলা হবে?’

সম্পূরক প্রশ্নে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চান শফিকুল ইসলাম। তিনি বলেন, আগের দিন সংসদে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, কয়েকটি গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না। অথচ গণমাধ্যমে বহু গাড়িতে হামলার খবর প্রকাশিত হয়েছে।

কত মানুষ হতাহত হলে কিংবা কতটি বোমা বিস্ফোরণ ও গাড়িতে হামলার ঘটনা ঘটলে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করবে, সেই প্রশ্ন তোলেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে প্রশ্নের উত্তর দিচ্ছেন। তাই সাজেকের পরিস্থিতি সম্পর্কে জবাব দিয়েছেন। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তর কার্যপ্রণালি বিধির ৩০০ বিধি অনুযায়ী দেওয়া বিবৃতিতে পাওয়া যাবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad