সংসদে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন: ডেপুটি স্পিকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ফাইল ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ফাইল ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রীর বক্তব্যের সময় সংসদে হইচই করায় সদস্যদের ধৈর্য ধরে তার কথা শোনার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি বলেন, “এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শোনেন।”

বুধবার (১১ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় হইচই শুরু হলে এ আহ্বান জানান ডেপুটি স্পিকার।

সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সারের ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং অনিয়মের অভিযোগ তুলে তিনি কৃষিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, “সারের ডিলার নিয়োগে উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি করা হয়েছে। উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এসব কমিটি আবেদন যাচাই-বাছাই করে। এরপর জেলা পর্যায়ের কমিটি তিন জনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করে।”

মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হট্টগোল শুরু করেন। এ সময় মন্ত্রী বলেন, “তিনি নতুন মন্ত্রী। বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে তার অসুবিধা হয়।” মন্ত্রীর বক্তব্য পছন্দ না হলে পরে আরেকটি প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হইচই-হট্টগোল বাড়তে থাকলে ডেপুটি স্পিকার বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘সংসদ সদস্যদের কথা বলার অধিকার রয়েছে, জবাব দেওয়ারও অধিকার রয়েছে।” একই সঙ্গে বিরোধী দলের সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এরপর সংসদ সদস্যদের আসনে বসে মন্ত্রীর বক্তব্য শোনার অনুরোধ জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, “মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন। মাননীয় সদস্য, আপনারা সবাই বসেন। সবাই বসেন প্লিজ। মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেব।”

“কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শোনেন। মাননীয় মন্ত্রী, আর এদিকে এভাবে দাঁড়াবেন না প্লিজ,” বলেন ডেপুটি স্পিকার।

পরে কৃষিমন্ত্রী বক্তব্য অব্যাহত রাখেন। তিনি জানান, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad