জামায়াতকে প্রশ্ন রাশেদের

‘ভারতীয় গোয়েন্দার সঙ্গে সাক্ষাতের খবরের প্রতিবাদ এত দুর্বল কেন?’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাশেদ খাঁনের (বাঁয়ে) দাবি, এই গাড়িতে চড়েই জামায়াতের প্রতিনিধিদল ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে গিয়েছিল। ছবি: রাশেদের ফেসবুক থেকে
রাশেদ খাঁনের (বাঁয়ে) দাবি, এই গাড়িতে চড়েই জামায়াতের প্রতিনিধিদল ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে গিয়েছিল। ছবি: রাশেদের ফেসবুক থেকে

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার করেছে জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন প্রশ্ন তুলেছেন— তাদের এই প্রতিবাদ এত দুর্বল কেন?

রাশেদ খাঁন নিজেই জামায়াতের এই বৈঠকের খবর জানিয়েছিলেন। তিনি আরও প্রশ্ন রেখেছেন— এ খবর অসত্য হলে এ ঘটনায় জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে মানহানির মামলাই বা করছে না কেন?

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ তুলেছেন রাশেদ। পোস্টের সঙ্গে একটি গাড়ির ছবিও যুক্ত করেছেন তিনি। তার দাবি, এই গাড়িতে করেই জামায়াতের প্রতিনিধি দল ওই বৈঠকে যোগ দিতে গিয়েছিল।

রাশেদ লিখেছেন, ‘মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতে প্রতিনিধিদল এই গাড়িতে করে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করার জন্য হোটেল সিক্স সিজন পর্যন্ত যান। সেখান থেকে এই গাড়ি পরিবর্তন করে আরেকটা গাড়িতে করে যান।’

রাশেদের দাবি, দ্বিতীয় সেই গাড়ির বিস্তারিত তথ্যও তার কাছে রয়েছে। তিনি লিখেছেন, ‘আজ যেহেতু হালকা একটা প্রতিবাদলিপি দিয়েছে, আমিও হালকা করে গাড়ির ছবিটি দিলাম! তারা (জামায়াত) চাইলে গাড়ির নম্বর ও বাসার নম্বরও আমার কাছে এসে নিয়ে যেতে পারে!’

রাশেদ জামায়াতের প্রতিনিধি দলের ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে বলে দাবি করার পর জামায়াতে ইসলামী এ ধরনের কোনো বৈঠকের খবর অস্বীকার করেছে। জামায়াতের প্রতিবাদলিপিতে উল্লেখ, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে।’

রাশেদ খাঁন প্রশ্ন তুলেছেন, ‘তার মানে জামায়াত গোয়েন্দা কর্মকর্তাকে কূটনীতিক হিসেবে তুলে ধরে অভিযোগ থেকে রেহাই পেতে চায়?’

জামায়াতে ইসলামীর কাছে আরও প্রশ্ন রেখে রাশেদ লিখেছেন, ‘আর প্রতিবাদ লিপি এত দুর্বল কেন? যেহেতু প্রতিবাদলিপিতে দাবি করেছে জামায়াত ও মিয়া গোলাম পরওয়ারের সম্মান ক্ষুণ্ন করতে ষড়যন্ত্র করা হয়েছে, তাহলে এই ষড়যন্ত্রের কারণে কেন তারা আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে চায় না?’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad