রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি ও ঢাবি শিক্ষিকাকে ঘিরে ঘটনায় ৩৭ নাগরিকের উদ্বেগ

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের চেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুবের বিরুদ্ধে এক শিক্ষার্থীর পোশাক নিয়ে মন্তব্যের অভিযোগে শাস্তি দাবির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ৩৭ জন বিশিষ্ট নাগরিক। তাদের মতে, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ধর্মান্ধতা ছড়ানো এবং সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা চলছে।
বিবৃতিতে বলা হয়, ঘটনা দুটি আলাদা হলেও এর পেছনের উদ্দেশ্য একই। একটি মহল বিভিন্ন অজুহাতে সমাজে অস্থিরতা সৃষ্টির তৎপরতা চালাচ্ছে বলে মনে করেন তাঁরা।
বিবৃতিতে ঢাবির ইংরেজি বিভাগের মাস্টার্সের শেষ সেমিস্টারের শিক্ষার্থী সুমি আক্তারের একটি ফেসবুক পোস্টের প্রসঙ্গ তুলে ধরা হয়। গত ৭ অক্টোবর দেওয়া ওই পোস্টে তিনি অভিযোগ করেন, ক্লাসের শুরুতে সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব শিক্ষার্থীদের আর্থিক অবস্থা ও পোশাক নিয়ে মন্তব্য করেন। পরে নিকাব পরা এক শিক্ষার্থীকে তিনি বলেন, এভাবে পর্দা করার প্রয়োজন নেই, মুখ খোলা রাখা যায় এবং হাত-পা ঢাকারও প্রয়োজন নেই। এ ঘটনার পর সুমিসহ তিন শিক্ষার্থী ক্লাস থেকে বের হয়ে যান। পরে একটি ছাত্রসংগঠনের ব্যানারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। তবে অন্য শিক্ষার্থীদের কাছ থেকে ভিন্নমতও পাওয়া গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তাসনীম সিরাজ মাহবুব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের ব্যাখ্যায় বলেছেন, তিনি নিকাব পরা ওই শিক্ষার্থীকে পোশাক বদলাতে, নিকাব খুলতে বা ক্লাস ছেড়ে যেতে বলেননি। শিক্ষার্থীর চোখ দেখা না যাওয়ায় তাঁকে শনাক্ত করা এবং কার্যকর যোগাযোগ স্থাপনে অসুবিধা হচ্ছিল। এ কারণে তিনি নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন।
বিবৃতিতে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, প্রায় ৩৪ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষার্থীরা তার ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও আচরণ সম্পর্কে জানেন। কোনো শিক্ষার্থীর ধর্মীয় বিশ্বাস বা পোশাককে অবমাননা করার প্রশ্নই আসে না বলে তিনি উল্লেখ করেছেন। ক্লাস শেষে কোনো শিক্ষার্থী কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করতে তিনি ওই শিক্ষার্থীকে ডেকেছিলেন। তবে শিক্ষার্থী তাঁর সঙ্গে দেখা না করে বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করেছেন বলে মনে করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, গত ৯ অক্টোবর ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর ব্যানারে কয়েকজন যুবক ও এক তরুণী ‘ভারতীয় আগ্রাসনের’ প্রতিবাদের নামে শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের চেষ্টা করেন। ঘটনাস্থলে থাকা পুলিশ তাঁদের নিবৃত্ত করে।
এর আগে ৫ অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফুটপাতসংলগ্ন দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিদের গ্রাফিতি আঁকে। পরে ৯ অক্টোবর ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামের একটি ফেসবুক পেজে এসব গ্রাফিতি নিয়ে প্রশ্ন তোলা হয়। সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ আখ্যা দিয়ে তাঁদের গ্রাফিতি আঁকার বিষয়ে আপত্তি জানানো হয়।
বিবৃতিদাতারা বলেন, শিল্প-সংস্কৃতির ওপর এ ধরনের আক্রমণ উদ্দেশ্যপ্রণোদিত এবং গভীর ষড়যন্ত্রের অংশ। তাদের মতে, শ্রেণিকক্ষে একজন শিক্ষক কী বলেছেন, তা নিয়ে অভিযোগের ভিত্তিতে তাঁর শাস্তি দাবি করা যেমন আপত্তিকর, তেমনি বিশ্বকবি ও বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করার চেষ্টাও গভীর দুরভিসন্ধির পরিচায়ক।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত শতকের ষাটের দশকে পাকিস্তানি শাসকেরা রাজনৈতিক উদ্দেশ্যে রবীন্দ্রনাথকে মুসলিমবিদ্বেষী হিসেবে তুলে ধরার অপপ্রচার চালিয়েছিল। দুই ঘটনাকে ঘিরে দেশের অধিকার ও সংস্কৃতিসচেতন মানুষ এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বিভ্রান্ত হবেন না বলে আশা প্রকাশ করেছেন নাগরিকেরা।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, নারীপক্ষের সদস্য শিরীন পারভিন হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, লেখক ও সাংবাদিক আবু সাঈদ খান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, আলোকচিত্রী শহিদুল আলম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামিনা লুৎফা, ড. গীতি আরা নাসরীন, ড. তানজীমউদ্দিন খান, ড. জোবাইদা নাসরীন ও রোবায়েত ফেরদৌস।
এ ছাড়া স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর ড. স্বপন আদনান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নোভা আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফিরদৌস আজিম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারাহ তানজীম তিতিল, লেখক রেহনুমা আহমেদ, সাংবাদিক ও গবেষক সায়দিয়া গুলরুখ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, লেখক ও গবেষক পাভেল পার্থ, নৃবিজ্ঞানী ও গবেষক ড. ঈশিতা দস্তিদার, গবেষক ও মানবাধিকারকর্মী সাদাফ নুর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সাইদুর রহমান, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস, কবি ও আদিবাসী সংস্কৃতিকর্মী মিঠুন রাকসাম, কবি ও আদিবাসী কর্মী হাফিজ রশিদ খান, মানবাধিকারকর্মী সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, অধিকারকর্মী ড. হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা।



















