পদত্যাগের খবর ‘মিথ্যা’, সুস্থ হয়ে চুয়েটে ফিরতে চান উপাচার্য

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ছবি: সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেছেন, সরকারের পক্ষ থেকে তিনি পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়েছেন। দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে তাকে। তবে পদত্যাগ করেছেন কিংবা ভবিষ্যতে চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না—এমন কোনো বক্তব্য তিনি দেননি বলে জানিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় চুয়েটের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন উপাচার্য। পরে হাসপাতাল থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।

উপাচার্য বলেন, দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় তিনি এবং তার সঙ্গে থাকা আরও ১০ জনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁদের মধ্যে দুজন অ্যালামনাই সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাঁদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সরকারি চিকিৎসক ও সিভিল সার্জনের পরামর্শে তাঁকেও হাসপাতালে নেওয়া হয়।

সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়ে শেখ শরীফুল আলম বলেন, সরকার তাঁকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। পাশাপাশি দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শও দিয়েছে।

পদত্যাগ ও ক্যাম্পাসে না ফেরার বিষয়ে প্রকাশিত খবরকে অসত্য দাবি করে উপাচার্য বলেন, পদত্যাগ করেছেন বা ভবিষ্যতে চুয়েট ক্যাম্পাসে যাবেন না, এমন কোনো কথা তিনি বলেননি। তাঁকে যখন ক্যাম্পাস থেকে বের করে আনা হচ্ছিল, তখন কথা বলার মতো পরিস্থিতি তার ছিল না।

এর আগে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুয়েট ক্যাম্পাসে যান। তাঁরা আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যস্থতায় উপাচার্যসহ অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করা হয়।

তবে যন্ত্রকৌশল বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণবের দাবি, ‘ভিসি হিসেবে এই চুয়েট ক্যাম্পাসে তিনি আর কখনো ফিরে আসবেন না’—এমন শর্তে জেলা প্রশাসক উপাচার্যকে নিয়ে গেছেন।

এদিকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পূর্ণদিবস কর্মবিরতি ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্টাফ অ্যাসোসিয়েশন ও কর্মচারী সমিতির সদস্যরা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement