‘জয় বাংলা’ স্লোগান: পুরনো সন্ত্রাসবিরোধী মামলায় আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল। ফাইল ছবি
অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল। ফাইল ছবি

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোড ও দেওভোগ পাক্কা রোডে পৃথক অভিযান চালিয়ে তাদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এ তথ্য জানান।

গ্রেপ্তার অন্য দুজন হলেন— আইনজীবী মাহবুবুর রহমান তুষার ও কাজলের ভাই আতিকুল ইসলাম। জিয়াউল ইসলাম কাজল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও আবৃত্তিশিল্পী। মাহবুবুর রহমান তুষার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর মো. আসাদুজ্জামানের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় হাজিরা দিতে জেলা ও দায়রা জজ আদালতে যান সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ওই সময় আদালত প্রাঙ্গণে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ায় তাদের সন্ত্রাসবিরোধী আইনের পুরনো একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের এজাহারে নাম না থাকলেও সন্দিগ্ধ হিসেবে তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেন আদালত। সকালে তিনি সশরীরে আদালতে হাজির হন। মামলার শুনানি করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ।

জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি আইভী। তবে গাড়িতে ওঠার আগে আওয়ামী লীগের এই নেত্রী বলেন, “জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না।”

এদিকে জিয়াউল ইসলাম কাজল ও মাহবুবুর রহমান তুষারের সহকর্মী আইনজীবী ও সংস্কৃতিকর্মীদের দাবি, ঘটনার আগের দিন পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে মামলার নথিপত্র নিয়ে আদালতে গিয়েছিলেন তারা। এ সময় তারা কোনো স্লোগান দেননি বলেও দাবি করেছেন সহকর্মীরা।

আইনজীবী কাজল নারায়ণগঞ্জের কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা এবং শহরে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও তিনি অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, “জিয়াউল ইসলাম কাজল সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে সবসময় সক্রিয় ছিলেন। চব্বিশের আন্দোলনে যখন সাংস্কৃতিক জোট ছাত্র-জনতার পক্ষে কর্মসূচি পালন করে তখন কাজল ছিলেন জোটের সভাপতি।

তিনি আরও বলেন, “সন্ত্রাস, খুন, চাঁদাবাজির আন্দোলনে সে (কাজল) সবসময় আমাদের সঙ্গে ছিল। পুলিশ তাদের গ্রেপ্তারে যুক্তি দিয়েছে তা সঠিক নয়। আমরা এ গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানাই।”

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “কারো পুরনো অবস্থান আর বর্তমান অবস্থান ভিন্ন হতে পারে। আমরা তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার করেছি। তাদের আদালতে পাঠানো হয়েছে।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement