সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী, বিকেলে জুরাইনে দাফন

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় উপস্থিত হয়ে তিনি মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্যামপুর-কদমতলী এলাকার জনপ্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদ। তার বয়স হয়েছিল ৮০ বছর। ফুসফুসের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে জানাজা শেষে জুরাইনেও আরেকটি জানাজা হওয়ার কথা রয়েছে। পরে তার দাফন সম্পন্ন হবে।
সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার জনমানুষের নেতা হিসেবে সুপরিচিত ছিলেন।
ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
বিএনপির এই ত্যাগী ও একনিষ্ঠ জাতীয়তাবাদী আদর্শের নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানিয়েছেন, দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ৩টায় শ্যামপুর লাল মসজিদে নামাজের জানাজা শেষে তাকে জুরাইন গোরস্তানে মরহুমের বাবার কবরে দাফন করা হবে।


















