আন্তালিয়ায় তারেক-এরদোয়ান দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকটি রাত পৌনে ৮টায় শেষ হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সময় উপস্থিত ছিলেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
এর আগে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ভিভিআইপি মর্যাদায় তাকে ইস্তাম্বুল বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম ইলকার হাকতানকাচমাজ।
এর আগে মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়। সকাল সাড়ে ৭টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।
ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে স্থানীয় সময় ২টা ৫৫ মিনিটে আন্তালিয়ার উদ্দেশে রওনা করেন প্রধানমন্ত্রী।
তুরস্ক সফরে বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
















