সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না— সংসদে শফিকুর রহমান

দেশের বিভিন্ন স্থানে নাশকতা, হামলা, ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে তারা বসে থাকবেন না বলেও জানিয়েছেন তিনি।
শফিকুর রহমান বলেন, আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আমরাও বসে থাকব না। কারণ, এই দেশ আমাদের সবার।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, আমরা খুবই উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ্য করছি, গত কয়েক দিন ধরে অব্যাহতভাবে দেশের বিভিন্ন এলাকায় নানা নাশকতামূলক কার্যক্রম চলছে। এমনকি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরের সামনে, এসবির সদর দপ্তরের সামনে এবং থানার গেটে হামলার ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আজ সেখানে দুজন আহত হয়েছেন।
সারা দেশে সংঘটিত আরও কিছু ঘটনার উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, এতগুলো ঘটনা ঘটার পর আইনশৃঙ্খলা বাহিনী কাকে কোথায় গ্রেপ্তার করেছে, তার কোনো হদিস আমাদের কাছে নেই। তিন-চারজনকে জনগণ ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজ থেকে কোথাও কিছু করেছে— এমনটা দেখা যাচ্ছে না।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সংসদকে অবহিত করবেন— এমনটি আশা করেছিলেন বলে জানান শফিকুর রহমান। কিন্তু দুই দিনেও সংসদে এ বিষয়ে মন্ত্রী কিছু বলেননি উল্লেখ করে তিনি বলেন, দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এর দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রী এড়াবেন কীভাবে? কোনো সুযোগ নেই, এ দায় তাদের নিতেই হবে।
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর দেখতে পাচ্ছেন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে? এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য জাতির সামনে উপস্থাপন করার আহ্বান জানাচ্ছি।
জামায়াত আমির বলেন, আমরা চাই, পরিস্থিতি মোকাবিলায় সরকার তার ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করুক। এ ক্ষেত্রে বিরোধী দল হিসেবে আমাদের কোনো সহযোগিতা সরকার চাইলে আমরা অত্যন্ত আন্তরিকভাবে ও সক্রিয়ভাবে তা বিবেচনা করে দেখব। তবে বার্তা স্পষ্ট— আমাদের সন্তানদের রক্ত এখনো তাজা। আমাদের চোখের সামনে এই বহমান রক্তের ওপর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না।
গোয়েন্দারা বিভিন্ন জায়গায় বিরোধী দলের সদস্যদের নানাভাবে নাজেহাল করার জন্য তৎপরতা চালাচ্ছেন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এইমাত্র একজন সংসদ সদস্য বললেন, কোনো একটা গোয়েন্দা দপ্তর থেকে তাকে ফোন করে বলা হয়েছে, ‘আপনি জামায়াত ছেড়ে দেন, আপনি এই কাজ করেন।’ নম্বরটি রেকর্ড করে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিই, তারা খতিয়ে দেখুক সে কে। এ কথা বলার দায়িত্ব ও অধিকার আদৌ কোনো গোয়েন্দা সদস্যের আছে কি না, এটি একটি চরম ঔদ্ধত্য। আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি?













