আন্তালিয়ায় আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তুরস্কের আন্তালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে দুই নেতার সাক্ষাতের কথা রয়েছে।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক সফর, বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফর এবং শীর্ষ পর্যায়ের যোগাযোগের মধ্য দিয়ে ঢাকা-আঙ্কারা সম্পর্কে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আজ সকালে আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বরের সরকারি সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট ছাড়াও কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের এটি দ্বিতীয় বৈঠক। এর আগে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে দুই নেতার প্রথম বৈঠক হয়। সেখানে এরদোয়ান দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড় করানোর ওপর জোর দেন। পাশাপাশি প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানো এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির কথা বলেন তিনি।

এর আগে গত জুনের শুরুতে ঢাকায় সফরে আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের শেষ দিনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে হাকান ফিদান বলেন, তার সফর দুই দেশের সম্পর্ককে কৌশলগত স্তরে নেওয়ার প্রথম ধাপ।

হাকান ফিদানের সফরের পর দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের বিষয়টি ঘোষণা করা হয়। এ ছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বার্ষিক বৈঠক এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে নিয়মিত বৈঠক আয়োজনের বিষয়েও দুই পক্ষ একমত হয়।

ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন হাকান ফিদান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন করায় তুরস্ককে ধন্যবাদ জানান খলিলুর রহমান।

গত কয়েক বছরে দুই দেশের প্রতিরক্ষা খাতেও যোগাযোগ বেড়েছে। এর অংশ হিসেবে গত জুলাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সফর করেন। পাঁচ দিনের সরকারি সফরে তিনি তুরস্কের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষাপ্রযুক্তি, প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরকালে উভয় পক্ষ দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করে। এ সময় সেনাপ্রধান তুরস্কের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিরক্ষাশিল্প ও সামরিক প্রযুক্তিপ্রতিষ্ঠানের কার্যক্রমও পরিদর্শন করেন।

ঢাকা-আঙ্কারা আলোচনায় রোহিঙ্গা ইস্যুও গুরুত্ব পাচ্ছে। নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে বৈঠকে এরদোয়ান ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয়, শিক্ষা ও অবকাঠামো খাতে মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও বেড়েছে। গত ১৭ ফেব্রুয়ারির শপথ অনুষ্ঠানে তুরস্কের প্রতিনিধিত্ব করেন উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনজি। এরপর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে ১৪ মার্চ তুরস্কে যান। আঙ্কারায় হাকান ফিদানের সঙ্গে তার বৈঠকে দুই দেশের কূটনীতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

এরপর খলিলুর রহমান ১৭ থেকে ১৯ এপ্রিল আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেন। আর জুনে হাকান ফিদান প্রথমবারের মতো ঢাকা সফর করেন। এসব সফর ও যোগাযোগের ধারাবাহিকতায় দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক সংশ্লিষ্টরা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad