আ.লীগ নিষিদ্ধে ইইউয়ের কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: ডিকাবের ফেসবুক পেজ থেকে
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: ডিকাবের ফেসবুক পেজ থেকে

জুলাইয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন সংস্থাটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তিনি বলেন, এ বিষয়ে ইইউয়ের কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। তবে আমি বলব— আমরা চাই একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ। স্থিতিশীলতার অর্থ ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা ও আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানো। অর্থাৎ সংঘাত ছেড়ে জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানানো।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) অনুষ্ঠানটি আয়োজন করে।

ইইউ রাষ্ট্রদূত মিলার মনে করেন, আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলে নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থার জায়গাটি শূন্য করে ফেলা হয়েছিল। ফলে প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনাকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন তিনি।

মতপ্রকাশের স্বাধীনতা মানে সংঘাতের লাইসেন্স নয় মন্তব্য করে মাইকেল মিলার বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত ও সমাবেশের স্বাধীনতার একটি সীমা আছে। কোনো সংগঠন বা ব্যক্তি বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হলে বা জনশৃঙ্খলা বিনষ্ট করলে কিংবা সংঘাত ও ঘৃণা উসকে দিলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে আস্থা প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন-পরবর্তী সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যে বৃহত্তর জাতীয় ঐক্যের ওপর জোর দেন তিনি। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসত কর্মসূচির পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপকেও ‘সমানুপাতিক প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেন তিনি।

বাংলাদেশ-ইইউ সম্পর্ক বিষয়ে রাষ্ট্রদূত বলেন, আগামী বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রাসেলস সফর করার কথা রয়েছে। এ ছাড়া বাংলাদেশকে ডিসেম্বরে মুক্ত বাণিজ্য (এফটি) নিয়ে আলোচনার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইইউ। আগামী বছরের এপ্রিলে ‘ইইউ-বাংলাদেশ বিজনেস ও ইনভেস্টমেন্ট সামিট’ হওয়ার কথাও রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad