সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নাকচ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

আদালতে নাহিদের পক্ষে জামিনের শুনানি করেন আইনজীবী সাথী সাহা। শুনানিতে তিনি বলেন, “মামলার ঘটনার বহু আগেই (নুরুল ইসলাম নাহিদ) রাজনীতি ও সকল পেশা থেকে অবসর গ্রহণ করেছেন।”

তিনি আরও বলেন, “রাজপথে মিছিল বা নেতৃত্ব দেওয়ার মতো বয়স বা ধৈর্য তার নেই। তিনি অসুস্থ, বয়স্ক মানুষ। তার জামিন প্রার্থনা করছি। জামিন দিলে তিনি পলাতক হবেন না।”

রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিন আবেদনের বিরোধিতা করেন। দুই পক্ষের শুনানি শেষে বিচারক নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করে দেন।

এর আগে বুধবার রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ধাওয়া দেওয়ার পাশাপাশি এলোপাতাড়ি মারধর ও গুলি চালান। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।

পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad