‘আইনশৃঙ্খলার অবনতি বলতে আর কত বিস্ফোরণ, আর কত মানুষের মৃত্যু প্রয়োজন?’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। গ্রাফিক্স: রাজনীতি ডটকম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। গ্রাফিক্স: রাজনীতি ডটকম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া তথ্যের গরমিল রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা লিখেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ দিন সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

সংসদে এ পরিস্থিতি নিয়ে শুরুতে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও একই ইস্যুতে বক্তব্য দেন। তারা বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিবৃতি দেবেন বলে সবাই প্রত্যাশা করেছিল। তা না দেওয়ায় তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দাবি করেন।

তাদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কিছু কিছু স্থানে ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন। তবে রাতের অন্ধকারে অথবা ভোরে কোথাও কোনো পরিত্যক্ত বাস কিংবা চালক-হেলপার নেই, এমন কোনো গাড়িতে আগুন দেওয়া হলে বা দুয়েকটা ককটেল বিস্ফোরণ ঘটালেই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ রকম দুয়েকটি প্রতীকী ঘটনা একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ— এমন বলা আমার মনে হয় যৌক্তিক নয়।’ এ সময় দেশের বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের তথ্য দেন তিনি। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘পুলিশের হিসাবে ২৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ২২ গাড়িতে আগুন। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীন সাহেবের হিসাবে মাত্র ৭টি ককটেল!’

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া কিছু ঘটনার উল্লেখ করে এনসিপির এই নেতা লিখেছেন, ‘ফরিদপুরে বাসে আগুন দিয়ে একজন চালককে হত্যা করা হয়েছে। গোপালগঞ্জে সংঘর্ষে পুলিশসহ কয়েকজন আহত। দেশ জুড়ে বিস্ফোরণ, অগ্নিসংযোগ আর মানুষের নিরাপত্তাহীনতা।’

‘অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিচ্ছিন্ন এসব ঘটনা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না! তাহলে আইনশৃঙ্খলার অবনতি বলতে ঠিক কতগুলো বিস্ফোরণ, কতগুলো পোড়া গাড়ি আর কতজন মানুষের মৃত্যু প্রয়োজন?,’— প্রশ্ন তুলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad