জামায়াত নয়, বিদেশি সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস আছে বিএনপির: বিরোধীদলীয় নেতা

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামী কখনোই গোপন বৈঠক করেনি বলে দাবি করেছেন দলটির আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিবৃতির জবাবে তিনি আরও দাবি করেছেন, এমন ইতিহাস বরং রয়েছে বিএনপির।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর ৩০০ বিধিতে দেওয়া বিবৃতির একটি অংশের প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার বিবৃতিতে জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, ‘ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভিনদেশি বিভিন্ন সংস্থার গোপন বৈঠকের যে উসকানির তথ্য রয়েছে, তা জনগণ জানতে পেরেছে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির পর বিরোধীদলীয় নেতা ফ্লোর নিয়ে বলেন, ‘কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই। কোনো এজেন্সির সঙ্গে বসব কেন? আমরা রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। এজেন্সির সঙ্গে বসার তো প্রশ্নই ওঠে না।’
বিএনপির দিকে ইঙ্গিত করে জামায়াতের আমির বলেন, “আমাদের নামে যারা বলছেন ডকুমেন্ট আছে, তারা দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে এজেন্সির সঙ্গে সামনে দুঃখ প্রকাশ করেছেন, পাবলিকলি এসে বলেছেন— ‘আমাদের দলের অতীত এই দেশনীতি ছিল ভুল, ভবিষ্যতে আর করব না।’ দ্যাট ওয়াজ পাবলিক স্টেটমেন্ট। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে।”
কেবল স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি নয়, এর আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনও সামাজিক মাধ্যমে অভিযোগ করেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতীয় একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে ঢাকায় গোপন বৈঠক করেছেন।
জামায়াতের পক্ষ থেকে রাশেদের ওই দাবির প্রতিবাদ জানিয়ে এ ধরনের কোনো বৈঠকের খবর অস্বীকার করা হয়। রাশেদ আবার পালটা আরেক পোস্টে বলেন, জামায়াতের প্রতিবাদের বিবৃতিটি অত্যন্ত দুর্বল। এমন একটি বিষয়ে জামায়াতের প্রতিবাদ এত দুর্বল কেন— সে প্রশ্নও তোলেন তিনি।
নাম উল্লেখ না করে রাশেদ খাঁনকে ফালতু আখ্যা দিয়ে জামায়াতের আমির বলেন, ‘সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক সচিব মর্যাদার একজন লোক ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন। আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটা বলেন, রাতে একটা বলেন, পরের দিন সকালে একটা বলেন, দুপুরে একটা বলেন। এটা উনি চালিয়ে যাচ্ছেন। সেইরকম একটা ফালতু লোককে রেফার করে...।’
স্বরাষ্ট্রমন্ত্রী তার ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে আরও বলেছিলেন, জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছিলেন জামায়াতের আমির। আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে গোপন সম্পর্কের কারণেই আমির এমনটি বলেছিলেন— এমন ইঙ্গিত দেন সালাহউদ্দিন আহমদ।
এ বক্তব্যও অস্বীকার করেন জামায়াত আমির। বলেন, ২০২৪ সালের ১২ আগস্টের সেই সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের নামও নিইনি। বরং বর্তমান রাষ্ট্রপতি বলেছেন, তোমাদের সব দরজা খুলে দেবো, তোমাদের সব মামলা তুলে নেব। বিষয়টা অন্যভাবে বলতে গেলে আমি বলতে চাই না যে ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না।
ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর জানানো জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানান শফিকুর রহমান।














