পোশাক শিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

তৈরি পোশাক শিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। আজ সোমবার শ্রম অধিদপ্তরে এ সভা হওয়ার কথা ছিল। তবে বোর্ডের এক স্থায়ী সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিশে এ তথ্য জানান। এতে বলা হয়, বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্য কারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, “আমাদের একজন স্থায়ী বোর্ড মেম্বার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উনাকে ছাড়া বোর্ড মিটিং করাটা ঠিক হবে না। সেই কারণে আমরা স্থগিত করেছি। শিগগির পরবর্তী বৈঠকের তারিখ জানিয়ে দেওয়া হবে।”
সোমবারের সভায় মালিকপক্ষের পক্ষ থেকে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেয়। ওই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দিতে না পারায় চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। পরে বিজিএমইএ জানিয়েছিল, সোমবারের সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে।
বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাক শিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে সরকার। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এর মধ্যে ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।
চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর থেকে।
সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বরে শেষ হওয়ার কথা। সর্বশেষ ২০২৩ সালে তৈরি পোশাক খাতের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।















