আনসারে নতুন ডিজি, সেনাবাহিনীতে আরও কয়েক পদে রদবদল

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার। তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। কয়েকজনকে প্রেষণে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন কর্মকর্তা দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রদূত হিসেবেও।
রোববার (১৫ নভেম্বর) সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে সেনা কর্মকর্তাকে প্রেষণে সরকারি দপ্তরে নিয়োগ দিয়ে তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মেজর জেনারেল তৌহিদুল আহমেদ আনসার বাহিনীর নতুন ডিজি হিসেবে নিয়োগ পাওয়ায় এতদিন এ পদে থাকা মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। পরে তাকে পদায়ন করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট পদে।
আর বিপসটের বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসেইন মুহাম্মদ মসিহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।
এদিকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান ও মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে। আর ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে ন্যাশনাল ডিফেন্স কলেজে দায়িত্ব পালন করা মেজর জেনারেল সাজেদুর রহমানকে।
এ ছাড়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল বাতেন ইমানিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১১ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদকে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজে বদলি করা হয়েছে।
এদিকে মেজর মোহাম্মদ কামরুল হাসানকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (মেডিকেল) পদে নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহীদ ইব্রাহীমকে প্রেষণে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক পদে নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ পদে নিয়োজিত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল আবুল বাশার তুহীনকে বিইউপির ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে প্রেষণে নিয়োগ দিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এই পদে নিয়োজিত লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবিরকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া স্কোয়াড্রন লিডার মো. মাসুম ইমতিয়াজকে এনটিএমসির প্রশিক্ষক (সহকারী ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ পদে নিয়োজিত স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল ইসলাম হৃদয়কে বিমানবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

-1849d3.jpg)











