প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ এবং প্রতিরক্ষা শিল্পে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে। প্রতিরক্ষা শিল্প পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রেও তুরস্কের অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে।
রোববার তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্মেলনের ফাঁকে মঙ্গলবার দুই দেশের সরকারপ্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তুরস্ক থেকে প্রায় দুই বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কেনার প্রসঙ্গ তুলে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, “এখানে ডিফেন্স কোঅপারেশন নিয়ে আলাপ-আলোচনা হয়েছে— ইন টার্মস অফ ডিফেন্স বিনিয়োগ, ইন টার্মস অফ আমরা যদি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে পসিবল ইনভেস্টমেন্ট, তারপরে আবার ইন টার্মস অফ আদার এরিয়াস অব ডিফেন্স প্রোডাকশনে, আমাদের ওদিক থেকে একটা ইনভেস্টমেন্ট পার্টনারশিপে আসার ক্ষেত্রে ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে।”
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। জলবায়ু সম্মেলনের মতো বহুপক্ষীয় আয়োজনের ফাঁকে এরদোয়ান হাতে গোনা কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। হুমায়ুন কবিরের মতে, বাংলাদেশের সঙ্গে এ বৈঠক বিশ্ব রাজনীতিতে দেশটির গুরুত্ব পাওয়ার ইঙ্গিত দেয়। তিনি জানান, এরদোয়ান প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনি আমার মূল্যবান ভাই’। বাংলাদেশের ১৮০ মিলিয়ন মানুষের নেতা হিসেবে পরিচয়ের পাশাপাশি তারেক রহমানকে নিজের মূল্যবান ভাই ও এমন একজন নেতা হিসেবে উল্লেখ করেছেন, যার সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করবেন। বাংলাদেশের জন্য নিজের এবং তুরস্কের সামর্থ্য অনুযায়ী সবকিছু করার আশ্বাসও দিয়েছেন এরদোয়ান।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক অপরাধ আদালতে রোহিঙ্গা বিষয়ে রায়ের পর বাংলাদেশ ও তুরস্ক কীভাবে আরও জোরালোভাবে কাজ করতে পারে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় অর্থায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও কণ্ঠ আরও জোরালো করার বিষয়টিও আলোচনায় আসে। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দুই দেশের সম্পর্ক আরও মজবুত ও সমন্বিত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।
এদিকে আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের পা তুলে বসার ভঙ্গি নিয়ে সমালোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হয়তো বসার সময় কিছুটা অস্বস্তিকর অবস্থায় ছিলেন। তবে তার আচরণে বেয়াদবির কোনো ইঙ্গিত দেখেননি তিনি। বরং আন্তরিকতা দেখেছেন। হাসতে হাসতে প্রতিমন্ত্রী বলেন, “বসা নিয়ে… বসা আসলে বেচারাও নতুন দায়িত্ব পাইছে, পররাষ্ট্রমন্ত্রী হইছে। তো অনেক ক্ষেত্রে, বসার ভঙ্গি কীভাবে, এইটার বোধহয়, নিজেই একটা অকওয়ার্ড পজিশনে ছিল। বাট এইটা ওইরকম কোনো ধরনের, মানে আপনার বেয়াদবির ইঙ্গিত আমি দেখিনি। মানে আন্তরিকতাই দেখেছি।” তিনি সমালোচকদের উদ্দেশে ১৯৭১ সালের মার্চে শেখ মুজিবুর রহমানের সামনে পাকিস্তান পিপলস পার্টির তৎকালীন নেতা জুলফিকার আলী ভুট্টোর পা তুলে বসার উদাহরণও টানেন। তার মতে, এড মিলিব্যান্ডের বসার ভঙ্গিটি ছিল কেবল একটি অস্বস্তিকর অবস্থান। প্রতিমন্ত্রী আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে মিলিব্যান্ডকে চেনেন এবং গত দুই সপ্তাহে তার সঙ্গে দুইবার বৈঠক করেছেন। একটি অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথের সাইডলাইনে, অন্যটি আনতালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময়। তাঁর ভাষ্য, মিলিব্যান্ড প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করেন এবং গণতান্ত্রিক বিশ্বের নেতা হিসেবে গুরুত্ব দেন। বাংলাদেশের মানুষের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হওয়া, গণতান্ত্রিক উত্তরণ এবং নতুন বাংলাদেশের যাত্রা নিয়েও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ যাত্রায় তারেক রহমানকে একজন রূপান্তরমূলক নেতা হিসেবে দেখছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।














