মালয়েশিয়ায় যেতে খরচ ১৫৪০০০ টাকা, বেশি নিলে কঠোর ব্যবস্থা: মন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ এক লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। জানিয়েছেন, নির্ধারিত এই খরচের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চলমান অধিবেশনে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ এক সম্পূরক প্রশ্নে এ বিষয়ে জানতে চেয়েছিলেন।
বর্তমানে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে জানিয়ে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ বলেন, এ সমস্যার সমাধান কবে হবে এবং কবে নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো যাবে, তা মানুষ জানতে চায়। নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকায় কর্মীরা যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা কোনো সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, সে বিষয়ে তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর মোট খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা অন্য কোনো অনিয়মের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে আশা করছি।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু জানতে চান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মকারী ও অসৎ রিক্রুটিং এজেন্সিরবিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না?
জবাবে মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার। কর্মী ও তাদের অভিভাবকদেরকরা অভিযোগ তদন্ত করে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।














