এআই নীতি কমিটিতে সমসংখ্যক নারীকে যুক্ত করার দাবি নারীপক্ষের

ডেস্ক, রাজনীতি ডটকম
নারীপক্ষ। লোগো
নারীপক্ষ। লোগো

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও সরকারের ঘোষণা করা এআই নীতি কমিটিতে কোনো নারী সদস্য না থাকায় তীব্র উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে নারীপক্ষ। নারীবর্জিত এই কমিটি নারীদের স্বার্থ কতটা দেখবে, তা নিয়েও সন্দিহান নারী অধিকার সংগঠনটি।

রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারীপক্ষ এ প্রতিবাদ জানিয়েছে। আন্দোলন সম্পাদক গীতা দাসের সই করা বিবৃতিতে স্বামী-স্ত্রীর মধ্যে যেকোনো একজনের চাকরির পক্ষে অবস্থান জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দেওয়া বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অতি সম্প্রতি সরকার ১৬ সদস্যের ‘এআই’ নীতি কমিটি ঘোষণা করেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই কমিটির যে ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে কোনো নারী নেই! এটি নারীর প্রতি সরকারের নেতিবাচক দৃষ্টিভঙ্গিরই বহির্প্রকাশ।

নারীপক্ষ বলছে, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী এবং বাংলাদেশে এআইয়ের নেতিবাচক প্রভাব নারীর ওপরই বেশি পড়ছে। সেক্ষেত্রে নারীশূন্য এই কমিটি নারীর স্বার্থে কতটা কাজ করবে, সে বিষয়ে নারীপক্ষ যথেষ্ট সন্দিহান। নারীপক্ষের দাবি, এআই নীতি কমিটিতে সমসংখ্যক নারীকে যুক্ত করা হোক।

এদিকে কয়েকদিন আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক, এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কারণ এর সরাসরি প্রভাব পড়ে সন্তানদের ওপর।’

প্রতিমন্ত্রীর এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে নারীপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি এটি তার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ হিসেবে অভিহিত করেছেন। কিন্তু সরকারের একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা প্রতিনিধির কোনো প্রকাশ্য বক্তব্য ব্যক্তিগত থাকে না, সরকারের মনোভাবেরই অংশ হয়ে যায়, যা সমাজ ও জনমনে নেতিবাচক প্রভাব ফেলে।’

নারীপক্ষ বলছে, আমাদের পারিবারিক ও সামাজিক অবস্থানে স্বামী-স্ত্রীর মধ্যে একজনের চাকরি করার প্রশ্ন এলে সাধারণত স্বামীকেই অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু আজকের দুনিয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের নারীরা বিভিন্ন পেশায় সাফল্যের নজির স্থাপন করছে এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

দেশের চলমান অর্থনৈতিক অবস্থায় একজনের উপার্জনে সংসারের খরচ চালানো প্রায় অসম্ভব উল্লেখ করে নারীপক্ষ বিবৃতিতে বলেছে, এ অবস্থায় প্রতিমন্ত্রীর এ বক্তব্য অত্যন্ত অবিচেনাপ্রসূত ও হতাশাজনক। সন্তান লালন-পালন ও তার মানসিক গঠনের দায়িত্ব যেমন একা স্বামী বা স্ত্রীর হতে পারে না, তেমনি এই কাজটির জন্য মা অথবা বাবার ২৪ ঘণ্টা শারীরিক উপস্থিতিও অনাবশ্যক।

নারীপক্ষ সরকারের কাছে অবিলম্বে প্রতিমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাহার ও তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে বিবৃতিতে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad