আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি মাদক চোরাচালান ও প্রবেশ ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ সচিবালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা।
বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস শনাক্ত করে সেগুলো নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। মাদক কারবারের সঙ্গে যুক্ত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তেরও সুপারিশ করেন তিনি। অন্যদিকে হুইপ রকিবুল ইসলাম সীমান্ত নিরাপত্তায় উন্নত দেশগুলোর মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন। পাশাপাশি ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়ানোর কথা বলেন তিনি।
মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সামাজিক বিপ্লবের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, মাদক প্রতিরোধ শুধু কোনো মন্ত্রণালয় বা একটি নির্দিষ্ট বাহিনীর কাজ কিংবা দায়িত্ব নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব। বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশও করা হয়।
এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও চোরাচালানের রুট চিহ্নিত করার বিষয়টি বৈঠকে পর্যালোচনা করা হয়। মাদক পাচার ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বিত নজরদারি এবং অভিযান জোরদারের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।














