বৈঠকে ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব, সময় চায় মালিকপক্ষ
-de8ff8-480x270.webp)
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। তবে মালিকপক্ষ বৈঠকে কোনো প্রস্তাব দেয়নি। নিজেদের মধ্যে আলোচনা করে প্রস্তাব দিতে এক সপ্তাহ সময় চেয়েছে তারা।
সোমবার (৯ নভেম্বর) বৈঠক শেষে ব্রিফিংয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন বলেন, ‘শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ থাকায় সব মালিকদের পক্ষ থেকে প্রস্তাব পাননি তারা। এ কারণে এক সপ্তাহের সময় চাওয়া হয়েছে।’ অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের পক্ষে বিভিন্ন যুক্তি ও তথ্য তুলে ধরেন।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডের সব সদস্য এতে উপস্থিত ছিলেন।
-031217.jpg)
সভা শুরুর আগে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায় শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। এ দাবিতে তারা বোর্ডের কাছে স্মারকলিপিও দেয়। এতে মূল মজুরি মোট বেতনের ৬০ শতাংশ, বাড়িভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়। জোটগুলোতে রয়েছে পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশন।
স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো তৈরির আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি বেতন কাঠামো, এশিয়ার বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের বেতন পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়।
শ্রমিক প্রতিনিধিদের ভাষ্য, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কাজ করেন প্রায় ৪০ লাখ মানুষ। তাদের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।
তারা ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট বেতনের ৬০ শতাংশ মূল মজুরি রাখার প্রস্তাব দিয়েছেন। তাদের যুক্তি, মূল মজুরির অনুপাত কম হলে ওভারটাইমের পারিশ্রমিক ও চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। বিশেষ করে দীর্ঘদিন কাজ করার পর এতে শ্রমিকের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
এ ছাড়া বাড়িভাড়া মোট মজুরির ৫০ শতাংশ নির্ধারণ এবং খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর ও বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানানো হয়েছে। ডাইং ও নিট খাতের শ্রমিকদের নির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে সভার পর আরও আটটি প্রস্তাব যুক্ত করার কথাও জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।
তাদের মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় রেখেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা উচিত। এদিকে ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবিতে মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সদস্যরা।
















