সংসদের চতুর্থ অধিবেশন শুরু, সভাপতিমণ্ডলী মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। প্রথম দিনের বৈঠকে সভাপতিমণ্ডলী মনোনয়নের পাশাপাশি বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
স্পিকারের স্বাগত বক্তব্যের পর চলতি অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন— মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এ তালিকার ক্রমানুসারে সদস্যরা অধিবেশনে সভাপতিত্ব করবেন।
এরপর সাবেক চার সংসদ সদস্য, একজন গণপরিষদ সদস্যসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ। যাদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়, তাদের মধ্যে রয়েছেন— সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিম, বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাই, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
এ ছাড়া কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্যও শোক জানায় সংসদ।
এর আগে গতকাল রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চতুর্থ অধিবেশনের কার্যসূচি ও সময়সীমা নিয়ে আলোচনা হয়। পরে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন বসবে। আগামী ১৮ নভেম্বর অধিবেশন শেষ করার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে জানানো হয়, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত একটি সরকারি বিল পাওয়া গেছে। তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর থেকে চতুর্থ অধিবেশনের আগে তিনটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এগুলো হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।










-de8ff8-256x144.webp)


