আগামী জুনে পুরান ঢাকার রাসায়নিক গুদাম-কারখানা সরবে মুন্সিগঞ্জে

পুরান ঢাকার রাসায়নিক গুদাম ও কারখানা নিরাপদ স্থানে সরিয়ে নিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে গড়ে উঠছে আধুনিক কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ইছামতি নদীর তীরে ৩০৮ দশমিক ৩৩ একর জমিতে ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই শিল্পনগরী। এখানে ১ হাজার ৫৩১টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হবে। প্রকল্পের ৮৩ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পের পুরো কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সোমবার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভায় সভাপতির বক্তব্যে তিনি কেমিকেল গোডাউন স্থানান্তরের ক্ষেত্রে অতীতের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন।
মন্ত্রী বলেন, সাভারের চামড়া শিল্পনগরী বাস্তবায়নে যেসব জটিলতা তৈরি হয়েছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে এবার কেমিকেল গোডাউন স্থানান্তরের কাজ করতে হবে। পুরো প্রক্রিয়া নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পরিবেশ সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, সেন্ট্রাল বর্জ্য শোধন প্ল্যান্ট বা ইটিপি সমস্যার কার্যকর সমাধান না করে কোনোভাবেই পার্কের কার্যক্রম শুরু করা যাবে না। কারখানা চালুর প্রথম দিন থেকেই বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নিশ্চিত করতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।
উদ্যোগটি সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য, ব্যবসায়ী অ্যাসোসিয়েশন এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থার প্রধানদের সম্পৃক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাসায়নিক শিল্প স্থানান্তরের প্রক্রিয়া সহজ হবে। নতুন পরিবেশে এ খাতের অগ্রযাত্রাও আরও গতিশীল হবে। ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিক গুদামে আগুনে ১২৪ জনের মৃত্যু হয়। এরপর ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টার কাজী ওয়াহেদ ম্যানশনে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে প্রাণ হারান আরও ৭১ জন।
চুড়িহাট্টার ঘটনার পর পুরান ঢাকা থেকে রাসায়নিক ব্যবসা সরিয়ে রাসায়নিক পল্লিতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৎকালীন সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। এর আগে মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী ২০২০ সালের ২০ ডিসেম্বর জরিপ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দক্ষিণ সিটির কর অঞ্চল ৩, ৪ ও ৫-এ অনুসন্ধান চালিয়ে সংস্থাটি ১ হাজার ৯২৪টি কেমিকেল গোডাউনের তথ্য পায়। পরে ২০২৩ সালে শিল্প মন্ত্রণালয় ও ডিএসসিসি টঙ্গী ও শ্যামপুরে দুটি অস্থায়ী গুদামে রাসায়নিক সরানোর কার্যক্রম শুরু করে। মতবিনিময়সভায় সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, হামিদুর রহমান, মো. আবদুল্লাহ, শিল্প সচিব আব্দুন নাসের খান, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।









-de8ff8-256x144.webp)



