এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এ সিদ্ধান্তের সঙ্গে একমত নয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করবে বিশ্ববিদ্যালয়টি।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে ঢাবির সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী রাজনীতি ডটকমকে বলেন, “আমাদের নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “ইউজিসির সিদ্ধান্তের সঙ্গে অন্তত এ বছর আমরা একমত হতে পারছি না। অনেক আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার শিডিউল ঘোষণা করা হয়েছে। সে হিসেবে প্রস্তুতিটাও সেভাবেই এগিয়ে নেওয়া হয়েছে। এক্ষেত্রে যেসব এইচএসসি পরীক্ষার্থীর পুনঃপরীক্ষা নেওয়া হবে, তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।”
“কারণ, আমাদের ফর্ম ফিলআপের শেষ তারিখ ২৫ নভেম্বর। অন্যদিকে ২৩ তারিখের মধ্যেই তাদের ফলাফল ঘোষণা হবে। সব মিলিয়ে সাধারণ ভর্তি কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্বঘোষিত তারিখগুলোতেই পরীক্ষা নেওয়া হবে,” বলেন উপ-উপাচার্য।
এর আগে গত ২ আগস্ট ঢাবির ভর্তি কমিটির সভায় ৫ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়। ঘোষিত সূচি অনুযায়ী, ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে আজ সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা করে ইউজিসি। সভা শেষে সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, আগামী ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, “সভায় আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি ২০২৭ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করার বিষয়ে সর্বসম্মত ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করবে বলে জানান তিনি। বলেন, পরীক্ষার সময়সূচিতে যাতে সংঘাত না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এর ফলে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, ভর্তি কার্যক্রম শুরুর আগে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। গত বছর সাত লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেও এ বছর পাসের সংখ্যা ছয় লাখের কিছু বেশি।
তিনি বলেন, এ বছর খাতা যথাযথভাবে মূল্যায়ন করায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল পাননি। তাদের জন্য খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর ভর্তি কার্যক্রম শুরু হবে। পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ইউজিসির ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম অংশ নেননি। কমিশনের সিদ্ধান্তের পরই বিকেল ৩টায় জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি। বৈঠকে পূর্বঘোষিত সূচি অনুযায়ী ডিসেম্বরেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার হয়।




-e9240e.jpg)










-de8ff8-256x144.webp)

