কুর্মিটোলায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, গ্রেপ্তার ১২

ঢাকার কুর্মিটোলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বের করা মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় বা বিস্তারিত কোনো তথ্য ওই বার্তায় প্রকাশ করা হয়নি।
ডিএমপির তথ্য অনুযায়ী, এ ঘটনায় থানা পুলিশ চারজন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন এবং এসআরবি তিনজনকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার সকালে বিমানবন্দর সড়কে আর্মি গলফ ক্লাবসংলগ্ন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। সেখানে ‘ছাত্রলীগের মিছিল’ থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের অভিযোগ ওঠে।
হামলায় পুলিশের টহল গাড়ির চালক কনস্টেবল এনামুল আহত হন। তিনি ক্যান্টনমেন্ট থানার টহল গাড়ি ‘গলফ ক্লাব ৮৩’-এর চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাম চোখে আঘাত পাওয়ার পর তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছিল, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে সেখান থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে একটি হাতবোমা নিক্ষেপ করা হয় বলে পুলিশের ভাষ্য।
ঘটনার পরপরই মোটরসাইকেলসহ তিনজনকে আটকের তথ্য জানিয়েছিল পুলিশ। এবার ডিএমপির পক্ষ থেকে ওই ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তারের কথা জানানো হলো। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে সোমবারের বার্তায় বিস্তারিত কিছু জানানো হয়নি।













