দ্বিতীয় বৈঠকে মজুরি বোর্ড, ৩২ হাজার টাকা বেতন দাবি শ্রমিক জোটের

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে বোর্ডের সব সদস্য উপস্থিত রয়েছেন।
বৈঠক শুরুর আগে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। এ দাবির পাশাপাশি মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা।
পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোট এ বিষয়ে মজুরি বোর্ডের কাছে স্মারকলিপি দিয়েছে। এতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি বিষয় বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো তৈরির আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি সরকারি বেতন কাঠামো এবং এশিয়ার বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।
শ্রমিক প্রতিনিধিরা জানান, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কাজ করেন প্রায় ৪০ লাখ শ্রমিক। তাদের জীবনমান ও আর্থিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।
এ জন্য ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন রাখার প্রস্তাব দিয়েছেন তারা। তাদের যুক্তি, মূল বেতনের অনুপাত কম হলে ওভারটাইমের পারিশ্রমিক ও চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। দীর্ঘদিন চাকরি করার পরও এ কারণে শ্রমিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
এ ছাড়া খাদ্য ও পুষ্টিসামগ্রীর দাম, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া মোট মজুরির ৫০ শতাংশ ও বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে জোটগুলো।
শ্রমিক প্রতিনিধিরা আরও জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে আজকের সভার পর আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে। তাদের মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় রেখেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি।
এদিকে ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবিতে মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সদস্যরা।

-649d82.jpg)













