পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা গ্রেপ্তারের পথ সহজ করেছেন: আসিফ নজরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৭: ২৩
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করে শেখ হাসিনা নিজের গ্রেপ্তারের পথ সহজ করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার মতে, পাসপোর্ট চেয়ে আবেদন করার মধ্য দিয়ে শেখ হাসিনা এমন পরিস্থিতির ইঙ্গিত দিয়েছেন, যেখানে বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া সম্ভব বলে তিনি মনে করছেন।

সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন আসিফ নজরুল। তিনি লেখেন, বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। অথচ তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতকে চিঠি দিয়েছে।

আসিফ নজরুলের বক্তব্য, প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফিরতে হবে। এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে আসিফ নজরুল আরও বলেন, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা সেই প্রত্যর্পণের পথ সহজ করে দিয়েছেন। বাংলাদেশ সরকার এখন ভারতকে বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি ফেরার সাহস করছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য হবে না। ভারতকে এ বিষয়ে আরও জোরালোভাবে বলার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি।

স্ট্যাটাসের শেষে শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি লেখেন, “শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতাকর্মীদের বিপদ বাড়াচ্ছেন।”

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।

ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান। এর মধ্যে সোমবার সকালে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানিয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad