ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা ইউজিসির

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারি থেকে আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে সমন্বিত সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
ড. মামুন আহমেদ জানান, ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করবে। পরীক্ষার সময়সূচিতে যেন সংঘাত না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ভর্তি কার্যক্রম শুরুর আগে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। ইউজিসি চেয়ারম্যান জানান, গত বছর সাত লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেও এ বছর উত্তীর্ণের সংখ্যা ছয় লাখের কিছু বেশি।
তিনি বলেন, এ বছর খাতা যথাযথভাবে মূল্যায়ন করায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল পাননি। তাদের জন্য খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর ভর্তি কার্যক্রম শুরু হবে। পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ভর্তি পরীক্ষার সময়সূচি তৈরিতে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, শিক্ষার্থীদের সুবিধা ও জাতীয় স্বার্থে সেসব সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইউজিসি।
সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান বলেন, ভর্তি পরীক্ষার আয়োজন পিছিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের বলা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে সহযোগিতা করবে ইউজিসি।
ভর্তি কার্যক্রমে সারা বছর সমন্বয় বজায় রাখতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও সভায় আলোচনা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এ কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি ও সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয় করবে কমিটি। আগামী বছর থেকে আরও আগেভাগে ভর্তি কার্যক্রম শুরু করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি নিয়েও উপাচার্যদের সঙ্গে কথা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে গত বছরের মতো এমসিকিউ পদ্ধতিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করা যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু মুখস্থবিদ্যা নয়, শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং সংশ্লিষ্ট বিষয়ে মৌলিক জ্ঞান যাচাইয়ের ওপর গুরুত্ব দিতে চায় ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে জিপিএর বিষয়টি যথাযথভাবে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে উপাচার্যদের। এ বছর এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চশিক্ষায় বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ইউজিসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির আসন প্রায় ৬৩ হাজার। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আসন রয়েছে ১০ লাখের বেশি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসনসংখ্যা চার লাখের বেশি।
ইউজিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতা অক্ষুণ্ন রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে ইউজিসি সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে, কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবার ভর্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার এবং উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।


-e9240e.jpg)















