রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল দম্পতির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা (বাঁয়ে) ও স্বপ্না আক্তার (ডানে)। ছবি: সংগৃহীত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা (বাঁয়ে) ও স্বপ্না আক্তার (ডানে)। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) হাইকোর্টে এ শুনানি শুরু হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি চলছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ ইজাজ কবির বলেন, “আজকে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে যথারীতি এ মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করা হবে।”

এর আগে গত ১৭ জুন হাইকোর্টের এই বেঞ্চ আসামিদের পক্ষে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী আইনজীবী হাফিজুর রহমান খানকে ‘স্টেট ডিফেন্স’ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াই করছেন।

পল্লবীর ১১ নম্বর সেকশন এলাকার একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকত রামিসা। সে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন সোহেল ও স্বপ্না।

গত ১৯ মে দুপুরে সোহেলদের বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় সোহেলের স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপ্না জানান, সোহেল রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণের পর হত্যা করেন। মরদেহ গুম করার উদ্দেশ্যে তিনি শিশুটির মাথা ছুরি দিয়ে কেটে আলাদা করেন এবং দুই হাত কাঁধ থেকে অর্ধবিচ্ছিন্ন করে বাথরুম থেকে শোবার ঘরে নিয়ে খাটের নিচে রাখেন। কাটা মাথাটি বাথরুমের একটি বালতিতে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল।

ঘটনার দিনই রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা দুজনকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন। পরদিন সোহেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। স্বপ্নাকেও কারাগারে পাঠানো হয়।

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভুক্তভোগী পরিবারের সদস্যদের বাসায় গিয়ে সমবেদনা জানান এবং দ্রুত বিচার শেষ করার আশ্বাস দেন।

এরপর বিচার শুরুর ১৯ দিনের মাথায় গত ৭ জুন মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের অর্থ আদায় করে ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশও দেন আদালত। রায়ের পর দুই আসামিকে কনডেম সেলে পাঠানো হয়। সেখান থেকেই তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। গত ৯ জুন ৬৯ পৃষ্ঠার রায়সহ মামলার অন্যান্য নথিপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad