স্কুলে ভর্তিতে লটারি বহালের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৭: ০৩
হাইকোর্ট ভবন। ফাইল ছবি
হাইকোর্ট ভবন। ফাইল ছবি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি এবং প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি পদ্ধতি চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাই কোর্ট। দেশের সব বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহাল রাখার নির্দেশনা চাওয়া হয়েছিল ওই আবেদনে। তবে বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত হওয়ায় আদালত এতে হস্তক্ষেপ করেননি।

রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদুর রহমান তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। আদেশের পর আজমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহালের আবেদনটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় বিবেচনায় খারিজ করা হয়েছে।

রিট খারিজের পর আইনজীবী জাহিদুর রহমান তালুকদার বলেন, “আদালত বলেছেন, স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি এবং পরীক্ষা দুটোরই সুবিধা-অসুবিধা রয়েছে। তবে পরীক্ষাই তুলনামূলক ভাল। কারণ পরীক্ষার মাধ্যমে মেধাবীরাই ভর্তির সুযোগ পাবে।” তিনি আরও বলেন, “এ ছাড়া বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। তাই এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না। ফলে উত্থাপিত হয়নি বিবেচনায় রিটটি আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।”

করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এরপর থেকে এ পদ্ধতি চালু ছিল। তবে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক আদেশে লটারি পদ্ধতি বাতিল করে। পরে গত ১৩ অক্টোবর ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের বিধান রাখা হয়। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিটটি করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ। আবেদনে দেশের সব বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহাল এবং লিখিত পরীক্ষার সিদ্ধান্ত বাতিলের নির্দেশনা চাওয়া হয়। বিচারপতি এস এম মনিরুজ্জামান ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চে শুনানির জন্য আবেদনটি ছিল। গত ১৪ অক্টোবর বেঞ্চটি কার্যতালিকা থেকে আবেদনটি বাদ দেন। পরে রোববার আবেদনটি খারিজ করা হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad