টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
মো. ইউনুস মণ্ডল। ছবি: সংগৃহীত
মো. ইউনুস মণ্ডল। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিত ইউনুস মণ্ডলের বয়স ২৫ বছর। তিনি মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের সিরাজ উদ্দিন ও নিহত ফুলমালা বেগম দম্পতির ছেলে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মাকে গালিগালাজ শুরু করেন ইউনুস। একপর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি নিয়ে মায়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তিনি।

এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফুলমালা বেগমের মৃত্যু হয়। তিনি ছোট ছেলে ইউনুস মণ্ডলের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন এবং কৃষিকাজ করতেন। পিপি শফিকুল ইসলাম রিপন জানান, ইউনুস প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে মাকে গালিগালাজ করতেন। হত্যাকাণ্ডের পর নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।

মামলার পরদিন পুলিশ ইউনুসকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটিও উদ্ধার করা হয়। পরে ম্যাজিস্ট্রেটের কাছে হত্যার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। অভিযোগ গঠনের সময়ও আদালতে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান আসামি।

পিপি জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং আসামির স্বীকারোক্তি পর্যালোচনা করে বিচারক এ রায় দিয়েছেন। এতে ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad