‘ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়’— প্রশ্ন চিফ প্রসিকিউটরের

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে বিচার সম্পন্ন হওয়ার পরও ভারত কীভাবে পুনর্বিচারের পরামর্শ দেয়, সেই প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ বাংলাদেশে নেই। ভারতের বিচারব্যবস্থাতেও একসময় পুনর্বিচারের বিধান থাকলেও তা বাতিল করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, বাংলাদেশে পুনর্বিচারের এই প্রক্রিয়াকে ডিনেবো ট্রায়াল বলা হয়। ভারত, পাকিস্তান ও বাংলাদেশে আগে এ ধরনের বিধান থাকলেও বর্তমানে তিন দেশের কোনোটিতেই তা কার্যকর নেই। ভারতের বিচারব্যবস্থা থেকে এই বিধান বাতিল করা হয়েছে, একইভাবে বাংলাদেশেও এটি রহিত হয়েছে। পাকিস্তানেও এর অস্তিত্ব নেই।
ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে আমিনুল ইসলাম বলেন, যে দেশে ডিনেবো ট্রায়ালের চর্চা নেই, তারা অন্য একটি দেশকে কীভাবে এই পদ্ধতিতে বিচার করার পরামর্শ দেয়। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রয়ে রয়েছেন এবং ভারত সরকার শুরু থেকেই তার মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে অবগত। বিচার শুরু হওয়ার সময় কেন তাকে বাংলাদেশে ফিরে বিচার মোকাবিলা করতে কিংবা যথাসময়ে আপিল করতে পরামর্শ দেওয়া হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি। তার মতে, বিচারের সময় ও আপিলের সময় পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে।
চিফ প্রসিকিউটর বলেন, ‘এ ধরনের উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত কোনো সুযোগ নেই।’ তিনি আরও বলেন, শেখ হাসিনার আপিলের সুযোগ সরকার কিংবা চিফ প্রসিকিউটর কেউ দিতে পারবেন না। এটি সম্পূর্ণ আইনের বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ আওয়ামী লীগ সরকার প্রণয়ন করেছিল। পরে ২০১০ সালে তারাই এই আইনের অধীনে বিচারপ্রক্রিয়া পরিচালনার বিধিমালা তৈরি করে। ২০২৪ সালের আগ পর্যন্ত ওই আইন ও বিধিমালা অনুসরণ করেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।
আপিলের বিধান নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, বর্তমান সরকার এ সংক্রান্ত আইনে কোনো পরিবর্তন আনেনি। বিদ্যমান আইন অনুযায়ীই বিচারপ্রক্রিয়া চলছে এবং আইনে আপিলের যে বিধান রয়েছে, সেটিই কার্যকর হবে। তিনি বলেন, আপিলের সুযোগ আইনে না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও তা দেওয়ার এখতিয়ার নেই। তবে বাংলাদেশে আপিলের বিধান রয়েছে, পুনর্বিচারের কোনো পদ্ধতি নেই।














