গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান। ছবি: সংগৃহীত
অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান। ছবি: সংগৃহীত

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির এক কর্মীকে হত্যা মামলায় গেপ্তার দেখানো হয়েছে তাকে। পরে আদালত হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় এসেছেন আবুল হাসান। সম্প্রতি কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লী‌গের কর্মসূচি ঘি‌রে গোপালগ‌ঞ্জে যে তাণ্ডব হ‌য়ে‌ছে, গোয়েন্দা তথ্যে তার স‌ঙ্গে এই অতিরিক্ত পুলিশ সুপারের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে ডিএম‌পির গো‌য়েন্দা বিভাগের (ডিবি) একটি দল এসআরবি-১৪ কার্যালয় থেকে গ্রেপ্তার করে আবুল হাসানকে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হয়।

আদালতে হাজিরের পর আবুল হাসানকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবুল হাসানকে যে মামলায় কারাগারে পাঠানো হয়েছে সে মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি ঘোষিত এক দফা কর্মসূচির আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশ বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। এ সময় কার্যালয়ে ভাঙচুর এবং আশপাশে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিএনপিকর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা করেন মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়। এ মামলার ১৭ নম্বর আসামি আবুল হাসান।

আদালতে তাকে কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, মামলাটি তদন্তের সময় বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আবুল হাসানের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে দমনে তৎকালীন সরকারকে সহযোগিতা করার অভিযোগ প্রাথমিকভাবে উঠে এসেছে। জিজ্ঞাসাবাদে আবুল হাসান হত্যাকাণ্ডের বিষয়ে বেশকিছু তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গোয়েন্দা মতিঝিল বিভাগের অধীনে মামলাটির তদন্ত চলছে জানিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, মামলার সুষ্ঠু ও ওতদন্তের স্বার্থে আসামিকে জেলগেট জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পরে রিমান্ড আবেদন করা হবে।

আবুল হাসান ২০২৪ সা‌লের ৫ আগস্টের আগে ডিএমপির সি‌টি‌টি‌সিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প‌রে তাকে এসআরবিতে বদলি করা হয়। সর্বশেষ তি‌নি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত ছি‌লেন।

গোপালগঞ্জে মুকসুদপুর থানায় আগুনের ঘটনায় তার জড়িত থাকার তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের প্রাথমিক প্রতিবেদনে। সংশ্লিষ্টরা বলছে, এ ঘটনায় তার নাম উঠে আসার কারণেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। গোপালগ‌ঞ্জে নাশকতার ঘটনায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের আরও ৩০ কর্মকর্তাকেও গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad