অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, সাবেক সিপাহীর ১৩ বছরের সাজা
-e42eaa-480x270.webp)
অন্যের নাম ও পরিচয় ব্যবহার করে ৩৮ বছর বিজিবিতে চাকরি করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আকবর আলী নামে সাবেক এক সিপাহীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় দেন। দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ছদ্মবেশে বা অন্যের পরিচয়ে প্রতারণার দায়ে আকবর আলীকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাস কারা ভোগ করতে হবে। গুরুত্বপূর্ণ দলিল জাল করার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডের সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির দায়ে তাকে চার বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। জাল দলিল প্রতারণামূলক বা অসাধুভাবে আসল দলিল হিসেবে ব্যবহারের দায়ে তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
ছদ্মনাম ব্যবহার করে সিপাহী পদে চাকরির সময় উত্তোলন করা বেতন-ভাতা সুদসহ হিসাব করে সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। এ উদ্দেশ্যে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে বলে জানান দুদকের কৌঁসুলি শামীম হোসেন।
তিনি আরও জানান, আসামির সাজাগুলো ধারাবাহিকভাবে কার্যকর হবে। ফলে তাকে মোট ১৩ বছর কারাগারে থাকতে হবে। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু।
রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, “এটি জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা। কীভাবে সবকিছু জাল-জালিয়াতি করে দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন ভাতা তুলে নেয়।”
যেভাবে অন্যের পরিচয়ে চাকরি
মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়ান আকবর আলী ও জাহাঙ্গীর আলম। তাদের মধ্যে জাহাঙ্গীর আলম নিয়োগের জন্য নির্বাচিত হন। তিনি রাজাপুর হাই স্কুল থেকে অষ্টম শ্রেণি পাসের সনদ এবং ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ জমা দেন। তবে পারিবারিক কারণে তিনি চাকরিতে যোগ দেননি। অন্যদিকে আকবর আলী ওই পদে চাকরির জন্য অযোগ্য বিবেচিত হন।
অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর আলমের অগোচরে তার নাম, পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে সিপাহী পদে যোগ দেন আকবর আলী। এরপর দীর্ঘ ৩৮ বছর ওই পরিচয়ে চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা উত্তোলন করেন তিনি।
দুদকের অনুসন্ধানে বিজিবি সদর দপ্তরে সংরক্ষিত চাকরির নথি, পুলিশি তদন্ত ফর্ম ও শিক্ষাগত যোগ্যতার সনদ পর্যালোচনা করে পরিচয় জালিয়াতির তথ্য পাওয়া যায়।
এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ২০২২ সালের ৭ জুন মামলা করেন। পরে ২০২৪ সালের ২১ এপ্রিল আকবর আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি। গত বছরের ১০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বুধবার এ মামলার রায় ঘোষণা করা হলো।
















