দুর্নীতির মামলায় ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের সাজা

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের পৃথক অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিককে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক নূরে আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। অর্থদণ্ডের ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মারিয়াম লাকি এ তথ্য জানিয়েছেন।
প্রসিকিউটর লাকি বলেন, “জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ড দেন আদালত। এ ছাড়া সম্পদের তথ্য গোপনের দায়ে তিন বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “দুদকের নতুন আইন অনুযায়ী একটির পর একটি সাজা কার্যকর হবে। সেক্ষেত্রে তাকে ১০ বছর কারাভোগ করতে হবে।” মামলার আসামি কাজী জহিরুল ইসলাম মানিক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের এই প্রসিকিউটর।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দুদক সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নোটিশ দিলে ওই বছরের ২ নভেম্বর তা জমা দেন মানিক। তবে বিবরণীতে ৭১ লাখ ৯৯ হাজার ৫২৩ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন তিনি। পাশাপাশি ৯৮ লাখ ২০ হাজার ৭৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজের দখলে রাখেন।
এ ঘটনায় ২০২৫ সালের ৬ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন সংস্থাটির উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন। তদন্ত শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি তিনি আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ২৯ জুলাই মানিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পাঁচজনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।












