নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোনার মদনে ১১ বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি সাগর হুজুরের ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল।

মামলার বিবরণ অনুযায়ী, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করানোর পর চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। এর পাঁচ দিন পর, ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক সাগরের বিরুদ্ধে মামলা করেন।

মামলার পর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির প্রতিবেদনে শিশুটির কন্যাসন্তান ও আসামি মাদরাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া যায়। এতে প্রমাণিত হয়, ১১ বছরের শিশুটির কন্যাসন্তানের জৈবিক বাবা সাগর।

ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ২৭ আগস্ট সাগর হুজুর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার বিচার শেষে বুধবার শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে অপর আসামি মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দেওয়া হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad