অতিরিক্ত ডিআইজি প্রলয়সহ চাকরি গেল পুলিশের ৭ কর্মকর্তার

অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। এ ছাড়া আরও এক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই সাত পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুতির পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সবগুলো প্রজ্ঞাপনে সই করেছেন।
এর আগে গত ৩১ অক্টোবর ‘ডিবি হারুন’ নামে পরিচিত ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন উর রশিদসহ আটজনকে চারকিচ্যুত করার প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবারের পৃথক প্রজ্ঞাপনে চাকরি থেকে বরখাস্ত বাকি পাঁচ কর্মকর্তা হলেন— ডিএমপির সাবেক উপকমিশনার নাজমুল ইসলাম, গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, সুনামগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, পুলিশ অধিদপ্তরে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. সরোয়ার কবীর সোহাগ এবং এপিবিএন-২-এর সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান।
এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রলয় কুমার জোয়ারদার ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত। প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে যোগাযোগের চেষ্টা করেও জবাব না পেলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
নাজমুল ইসলামের বিরুদ্ধে ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করার পর দেড় বছরেও বাহিনীতে না ফেরার অভিযোগ রয়েছে। একই অভিযোগে চাকরি গেছে আরিফুজ্জামান, এস এম শামীম ও রুবাইয়াত জামানের বিরুদ্ধেও রয়েছে একই অভিযোগ।
অন্যদিকে সারোয়ার কবীরের বিরুদ্ধে অভিযোগ, তিনি একজনের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী ও ছেলেকে মাইক্রোবাসে তুলে নিয়ে একজনের বাসায় আটকে রেখে চাকা দাবি করেছিলেন। এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ আনা হয়েছে সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে।
আর ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে তাকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার আদেশ দিলেও তিনি তার রংপুরের কার্যালয়ে প্রায় অনুপস্থিত থাকেন। পরে তিনি স্থায়ীভাবে অনুপস্থিত থাকতে শুরু করেন।












