দেশেই আছেন রুমি, হাইকোর্টে আগাম জামিন আবেদন

টঙ্গীতে মাদরাসার এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে মারধরের ঘটনায় করা পাল্টা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন শিশুটির বাবা শাহজালাল রুমি। তার দেশ ছেড়ে যাওয়ার খবর পড়লেও তিনি এখনো বাংলাদেশেই আছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রুমির আইনজীবী এইচ এম রুহুল আমীন মোল্লা (হাসান) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইনি সহায়তা নিতে সোমবার রাতে রুমি তার চেম্বারে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।
আইনজীবী বলেন, রুমির বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে আবেদনের শুনানি কবে হবে, তা এখনো জানা যায়নি।
গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন শিশুটির বাবা শাহজালাল রুমি।
পরে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরপরই রুমি বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন।
এরপর মাদরাসার অধ্যক্ষের পক্ষ থেকে রুমির বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
পাল্টা মামলা হওয়ার পর থেকে রুমি আড়ালে চলে যান। সোমবার রাতে সাংবাদিকদের কাছে তিনি দাবি করেছিলেন, “আমি এই দেশে আর নেই। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।” তবে তার আইনজীবীর বক্তব্য অনুযায়ী, রুমি দেশেই রয়েছেন এবং মামলায় আগাম জামিনের আবেদন করেছেন।











-6dbeb7-256x144.webp)




