টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মোসলেম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) তাঁকে আদালতে হাজির করা হলে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে এ আদেশ দেন। আদালত পরিদর্শক আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে শিশুটি মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরে পরিবারের সদস্যরা জানতে চাইলে তাদের কাছে নির্যাতনের বিষয়টি জানায় শিশুটি।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। গত ২১ অক্টোবর উত্তেজিত লোকজন মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে ঘেরাও করে মারধর করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়।
পরে এ ঘটনায় মামলা হলে পুলিশ মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার দেখায়। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, গত ২২ অক্টোবর টঙ্গী পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়েছে।








-ca1d05-256x144.webp)

-7d5d00-256x144.webp)


