জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎহীন ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামে একাংশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে ত্রুটির কারণে রাজধানী ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে এ বিপর্যয় ঘটে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, মেঘনাঘাট-হরিপুর জাতীয় গ্রিড লাইন বিকল হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিপর্যয়ের কারণে ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। চট্টগ্রামের একটি অংশও বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে প্রকৌশলীরা ধাপে ধাপে কাজ করছেন। বর্তমানে জাতীয় বিদ্যুৎ গ্রিড জাতীয় লোড ডেসপাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। তবে উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, জাতীয় গ্রিডে ত্রুটি দেখা দিলে বিদ্যুৎকেন্দ্রগুলো একের পর এক বন্ধ হয়ে যেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

এর আগেও জাতীয় গ্রিডে বিপর্যয়

বাংলাদেশে এর আগেও জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের ঘটনা ঘটেছে। ২০২২ সালের ৪ অক্টোবর দুপুর ২টা ৫ মিনিটে পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয় শুরু হয়। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বড় একটি অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

সেবার বিভিন্ন এলাকায় তিন থেকে আট ঘণ্টার মধ্যে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানির দুজন কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। এর আগে ২০১৪ সালের ১ নভেম্বরও প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল সারা দেশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad