‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্য, আইজিপির ব্যাপারে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ফেরার পর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৪: ০৬
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় এক মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনা নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, এ ঘটনায় একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার তথ্য সামনে এসেছে। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এর পরিণতি সংশ্লিষ্টদের ভোগ করতে হবে।

জাহেদ উর রহমান বলেন, একজন মানুষের মৃত্যুর পর তার মরদেহের সঙ্গে এমন আচরণ কেউ ভালোভাবে নেননি। অতীতেও কিছু মানুষের বিচার হওয়ার পর তাদের মরদেহের সঙ্গে এ ধরনের আচরণের ঘটনা ঘটেছে। তবে ওই বিচারগুলোর পক্ষে থাকা ব্যক্তিরাও মরদেহের সঙ্গে এমন আচরণ পছন্দ করেননি।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, মৃত্যুর পর একজন মানুষের বিচার সৃষ্টিকর্তার কাছে হবে। যারা এ ধরনের কাজ করেন, তাঁরা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হবেন। এমন কর্মকাণ্ডের জন্য মানুষের প্রশংসা বা সমর্থনও তাঁরা পাবেন না।

উগ্রবাদ ও শিশুনির্যাতনের ঘটনায় সরকারের অবস্থান

চব্বিশ-পরবর্তী সময়ে মৌলবাদী ও অতি ডানপন্থি উগ্রবাদীদের তৎপরতা এবং টঙ্গীতে এক শিশুকে নির্যাতনের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, সরকার এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখছে। টঙ্গীর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

এসব ঘটনাকে সরকার গুরুত্ব দিচ্ছে না, বিষয়টি এমন নয় উল্লেখ করে তিনি বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে। এ ধরনের ঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকলে প্রবণতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্রের আইন ভঙ্গ করে কাউকে এ ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া হবে না—সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তা দেওয়া হলে এ ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই কমে আসবে। দীর্ঘ সময় ধরে এ প্রবণতা চলবে না বলেও আশাবাদ জানান তিনি।

পররাষ্ট্রনীতিতে পরিবর্তন হয়নি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকার তার অবস্থান থেকে সরে আসেনি, ভবিষ্যতেও আসবে না।

তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতেও সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনার সময়ও সংশ্লিষ্ট বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছিল।

এসব বিষয় বাংলাদেশ মেনে নিয়েছে, এমনভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad